সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ

অনূর্ধ্ব-১৯ টিটি দলের স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৯ টিটি দলের স্বর্ণ জয়

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এই জয়ে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে হতে যাওয়া আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার টিকিটও নিশ্চিত করল অনূর্ধ্ব-১৯ টিটি দল। এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে রৌপ্যপদক জিতেছিল তারা। গত বছর নেপালের কাঠমান্ডুতে ব্রোঞ্চ পদক পায় বাংলাদেশ।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ টিটি দল। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। তবে পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে হারিয়ে দেন। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণজয়। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ সনেট বলেন, এ অর্জনের কৃতিত্ব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্পন্সর এবং ক্রীড়াবান্ধব সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...