খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। নারীদের ফুটবলের দলবদলে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন অলিভিয়া স্মিথ। সেই উড়ো খবরই এবার সত্যি হলো। ২০ বছর বয়সের এ ফুটবলার সম্পর্ক ছেদ করেছেন লিভারপুলের সঙ্গে।
কানাডার এ ফরোয়ার্ড ১০ লাখ পাউন্ডে যোগ দিয়েছেন আর্সেনালে। নারী ফুটবলের ইতিহাসে ১ মিলিয়ন পাউন্ডে দলবদলের প্রথম ঘটনা এটি। আগের রেকর্ডটি ছিল নাওমি গিরমার।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়কে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে দলে ভেড়ায় চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের দলবদলের প্রথম ঘটনা। এবার কানাডার স্মিথ টপকে গেলেন মার্কিন ফুটবলার গিরমাকে। যুক্তরাষ্ট্রের মুদ্রায় স্মিথের দলবদল ফি- ১৩ লাখ ডলারেরও অধিক।
স্মিথ লিভারপুলে নাম লিখেছিলেন গত বছর। প্রথম বছরেই সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেন। যা ক্লাবটির রেকর্ড। দুরন্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা ফুটবলারও নির্বাচিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

