দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এমনিতেই নিজেদের সেরা দলটা পায়নি অস্ট্রেলিয়া। ইনজুরি ও বিশ্রাম মিলিয়ে মাঝারি মানের দল নিয়ে নামতে যাওয়া অজিরা এবার খেল বড় ধাক্কা। ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও ল্যান্স মরিস।
এই তিনজনের বদলি হিসেবে দুজনকে স্কোয়াডে যোগ করেছে অস্ট্রেলিয়া। জায়গা পেয়েছেন অ্যারন হার্ডি ও ম্যাথু কুনেমান। হার্ডি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি-টোয়েন্টিতে বেশ ভালো পারফর্ম করেছেন।
কুনেমান চারটি ওয়ানডে খেলেছেন ২০২২ সালে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া শুরুর ধাক্কাটা খায় মিচেল ওয়েনকে হারিয়ে। কনকাশন হয়ে অন্তত ১২ দিনের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে তাকে। মরিস ভুগছেন পিঠের পুরনো চোটে। ভালোভাবে পরীক্ষার জন্য পার্থে ফিরেছেন তিনি। সামনের পথচলা কঠিনই হবে তার জন্য।
ম্যাথু শর্টকে হারানো বড় ধাক্কা অজিদের জন্য। সাইড স্ট্রেইনের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খেলতে পারেননি, সেখান থেকে সেরে উঠতে পারেননি এখনও। উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী মঙ্গলবার কেয়ার্নসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

