হন্ডুরাস গুনে গুনে দুবার কাঁপল। প্রথমবার কাঁপল প্রকৃতির খামখেয়ালিপনায়। মানে ভূমিকম্পে! দেশটির উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব বলছে, ওই অঞ্চলে গত চার বছর এত মাত্রার ভূমিকম্প আর হয়নি। পরেরবার হন্ডুরাসের মাঠ কাঁপল মেগাস্টার লিওনেল মেসি দুর্বার পারফরম্যান্সে।
ভূমিকম্পের আঘাত হানার খবর তো আগে থেকে জানা অসম্ভব। সেটা জানা সম্ভব হলে হয়তো হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতেই যেতেন না মেসি। সুনামির সতর্কতা থাকলেও পরে অবশ্য সেটা বাতিল করা হয়। তারপরও সুনামির চোখ রাঙানি উপেক্ষা করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মাঠে দ্যুতি ছড়ালেন, নিজে গোল করলেন। সঙ্গে সতীর্থদের গোলেও রাখলেন অবদান।
মেগাস্টার মেসি আজ রোববার সকালে খেলেছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে। যেখানে ভূমিকম্পনটা ঠিকঠাক টের পাওয়া যায়নি। মিয়ামির সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো তো জানিয়ে দেন, ‘স্টেডিয়ামের আশপাশে ভূ-কম্পনই অনুভূত হয়নি।’
ভূ-কম্পন অনুভব করতে না পারলেও লিওনেল মেসি-লুইস সুয়ারেজ জুটির আক্রমণের ঝাঁজটা ঠিকই টের পেয়েছে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। ইন্টার মিয়ামির গোল উৎসবের ম্যাচে দলটি ধরাশায়ী হয়েছে ৫-০ ব্যবধানে। ম্যাচে মেসি-সুয়ারেজ দুজনেই একবার করে জালের সন্ধান পেয়েছেন। আর সতীর্থদের দুটি গোলে অবদান রেখেছেন মেসি।
ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি উপহার দেন মেসি। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের দেওয়া পাস ডি বক্সে লুফে নেন সুয়ারেজ। তবে নিজে গোল করার কোনো চেষ্টাই করেননি। ফাঁকায় থাকা মেসির কাছে বল পাঠিয়ে দেন উরুগুয়ের এ তারকা স্ট্রাইকার। নির্ভুল নিশানায় মেসি লক্ষ্যভেদ করেন হেসে-খেলেই।
লড়াইয়ের ৪৪ মিনিটে ফেদেরিকো রেদোনদোর গোলে অ্যাসিস্ট করেন মেসি। প্রথমার্ধের ইনজুরি টাইমে নোয়াহ অ্যালেনের গোলেও সহায়তা করেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী মেসি। তার বন্ধু সুয়ারেজ গোল এনে দেন ম্যাচের ৫৮ মিনিটে। অলিম্পিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রায়ান সেইলর- লড়াইয়ের ৭৯ মিনিটে।
রোমাঞ্চকর এ জয় দিয়েই যুক্তরাষ্ট্রের বাইরে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মিয়ামি। নতুন মৌসুমে ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে মিয়ামি খেলবে আরও কয়েকটি ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসির ক্লাব লড়াই করবে ওরল্যান্ডো সিটির বিপক্ষে। দিন চারেক পর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ফ্লোরিডার ক্লাবটি প্রথম ম্যাচ খেলবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

