আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের লড়াই শুরু হচ্ছে। সুপার লিগের উদ্বোধনী দিন রয়েছে তিনটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এ তিনটি ম্যাচই সকাল ৯টায় শুরু হবে। এরপর আগামী ২০ ও ২৩ এপ্রিল সুপার লিগের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা রয়েছে।
সুপার লিগের প্রতি রাউন্ডের ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে। কেননা, এ মাসে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাই বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে শিরোপা জয়ের ক্ষেত্রে যেন সমীকরণ বদলে না যায়, সে বিবেচনায় রিজার্ভ ডে রাখা হয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬টি দল সুপার লিগে খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ থেকেই সুপার লিগের মিশন শুরু করবে মোহামেডান ও আবাহনী। দুদলেরই অর্জন সর্বোচ্চ ১৮ পয়েন্ট করে। এছাড়া সুপার লিগে খেলছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে, আগামী ১৮ এপ্রিল শুরু হবে রেলিগেশন লিগের খেলা। পারটেক্স, ব্রাদার্স ইউনিয়ন ও শাইনপুকুর রেলিগেশন লিগে খেলছে। ২১ ও ২৪ এপ্রিল রেলিগেশন লিগের খেলা রয়েছে। এই রেলিগেশন লিগেও রিজার্ভ ডে রাখা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। তাই মোহামেডান-আবাহনীসহ বেশকিছু ক্লাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। ফলে শক্তি কমেছে তাদের। তবে মোহামেডান দলে সুপার লিগ পর্বে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন মোস্তাফিজুর রহমান। লিগের প্রথম পর্বে রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন এনামুল হক বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অধিনায়ক ১১ ম্যাচে সর্বোচ্চ ৬৫৫ রান সংগ্রহ করেছেন। তার ২ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে।
অন্যদিকে, বোলিংয়ে শীর্ষে আছেন রাকিবুল হাসান। আবাহনীর এই স্পিনার ১১ ম্যাচে সর্বোচ্চ ২৩টি উইকেট শিকার করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

