আসন্ন বিসিবি নির্বাচনে রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ফারুক আহমেদ। তবে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর জমা হয়েছে তার ফরম। সে কারণে তার কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অরগানাইজার্স অ্যাসোসিয়েশন। আপত্তিতে ওঠা বিষয়টি নিয়ে বিসিবি নির্বাচনের নির্বাচন কমিশনে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ।
নির্বাচন কমিশনে দেওয়া ব্যাখ্যায় তিনি বলেন, ‘দুই পক্ষের মধ্যে যে চার ক্লাব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তার একটি রেঞ্জার্স ক্রিকেট একাডেমি। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর ট্রাইবুন্যালে শুনানি শেষে ২২ সেপ্টেম্বর সকালে ক্লাবটির কাউন্সিলরশিপ ফরম দেওয়া হয়। তিনটার সময় বিসিবি থেকে কাউন্সিলর ফরম ক্লাবগুলোর হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন উচ্চ আদালতে হওয়া রিট আবেদনের রুল ও রিট আবেদনের আদেশের বিরুদ্ধে হওয়া আপিলের ফলে বিসিবি আইনজীবীরা সাড়ে ৬ টায় বিসিবিতে আসেন। এর আগে তিনটার সময় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসার কথা বলা হয়। তবে সভাপতির বয়স ৭০ হওয়ায় তিনি আসতে পারেননি। তার স্বাক্ষর আনতে খানিকটা দেরি হয়েছে।’
বিসিবি থেকে কাউন্সিলর ফরম দিতে দেরি করায় বোর্ড সভা শুরুর আগ পর্যন্ত সময় দেওয়া হয় বলেও উল্লেখ করেন ফারুক আহমেদ। উল্লেখ, গত ২২ সেপ্টেম্বর বোর্ড সভা শুরু হয়েছিল রাত ৯ টায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

