এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরানুর

এশিয়ান গেমসের সেমিফাইনালে ইমরানুর

নিজের সেরা সময়টা দিতে পারেননি। কিন্তু এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালের টিকিট ঠিকই নিশ্চিত করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়ে পরের ধাপে উঠেছেন তিনি। সেমিফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে, যেখানে অংশ নেন সাতজন স্প্রিন্টার। পাঁচ নম্বর লেনে দৌড়ানো বাংলাদেশের এই অ্যাথলেটের হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও।

নিয়ম অনুযায়ী, ছয়টি হিটের প্রতিটির প্রথম তিনজন করে সরাসরি ১৮ জন সেমিফাইনালে ওঠেন। তাদের সঙ্গে যোগ দেন সব হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারী। নিজের হিটে ইমরানুর ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। তাঁর সামনে থাকা চাইনিজ তাইপের স্প্রিন্টার ১০.৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

হিটে সরাসরি জায়গা না হলেও শেষ পর্যন্ত সময়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠে যান ইমরানুর। ছয় হিটের সেরা তিনজন বাদ দেওয়ার পর বাকি প্রতিযোগীদের মধ্যে সেরা ছয় টাইমিংয়ের একটি ছিল তাঁর। ফলে ১০.৪৯ সেকেন্ড নিয়েও জায়গা করে নেন পরের ধাপে।

তবে নিজের সামর্থ্যের সেরা জায়গায় ছিলেন না বাংলাদেশের দ্রুততম মানব। তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড, আর চলতি মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এদিনের দৌড়ে কোনোটিই ছুঁতে পারেননি তিনি।

তারপরও সেমিফাইনালের দরজা খুলেছে ইমরানুরের সামনে। এখন আরও একবার গতি বাড়িয়ে নিজের সেরা সময়ের কাছাকাছি যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের দ্রুততম মানবের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন