নতুন কুঁড়ি স্পোর্টস

মাইরিনের হ্যাটট্রিক, সাকিবুলের ঘূর্ণিজাদু

স্পোর্টস রিপোর্টার

মাইরিনের হ্যাটট্রিক, সাকিবুলের ঘূর্ণিজাদু

নতুন কুঁড়ি স্পোর্টসে আজ চতুর্থ দিন মাঠ মাতাল চট্টগ্রাম ও ঝিনাইদহের খুদে খেলোয়াড়রা। বিশেষ করে ফুটবলে পটিয়ার মাইরিন আক্তার হ্যাটট্রিক উপহার দিয়েছে। আর ক্রিকেটে ঝিনাইদহের সাকিবুল হাসান অসাধারণ বোলিং স্পেল উপহার দেয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে একক আধিপত্য দেখাল পটিয়া উপজেলা দল। পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাইরিন আক্তারের নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলে হারায় তার দল। একাই তিনটি গোল করে মাইরিন। চলতি আসরে প্রথম হ্যাটট্রিক এটি।

বিজ্ঞাপন

অন্যদিকে ঝিনাইদহে ক্রিকেটের মাঠে কালীগঞ্জ উপজেলার হয়ে স্পিনার সাকিবুল হাসান একাই ধসিয়ে দেয় কোটচাঁদপুর উপজেলার ব্যাটিং লাইনআপ। মাত্র দুই ওভার বল করে একটি মেডেনসহ মাত্র পাঁচ রান খরচায় ছয়টি উইকেট শিকার করে এই কিশোর। এর মধ্য দিয়ে আসরের প্রথমবারের মতো ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ নেয় সে।

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাকিবুলের এমন বোলিং তোপে কোটচাঁদপুর ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা। ফলে তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। উল্লেখ্য, সাকিবুল ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার পাইকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও গৃহিণী পারভীনা খাতুনের সন্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...