তৃতীয় দিনের প্রথম দুই সেশনেই যা দাপট দেখাল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে সেই প্রথম সেশনের পুনরাবৃত্তি। তাতে দুই দিন বাকি থাকতেই জেগেছে হারের শঙ্কা। শুধু হার বললে ভুলই হবে- রীতিমতো ইনিংস হারের শঙ্কায় থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। ওপরের সারির ব্যাটাররা যে চিত্র দেখিয়েছেন তাতে এই টেস্টে সফরকারী দল ইনিংস ব্যবধানে হারলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইনিংস হারের লজ্জা এড়াতে বাংলাদেশকে করতে হবে আরও ৯৬ রান। অতিথিদের আশার বাতি হয়ে ক্রিজে টিকে আছেন লিটন কুমার দাস। ১৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাতে চাইলে টেলএন্ডারদের নিয়ে দৃঢ়তা দেখাতে হবে লিটনকে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মুশফিকুর রহিম। ১৯ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। মমিনুল হক করেন ১৫ রান। শ্রীলঙ্কার হয়ে ডি সিলভা ও প্রবাথ জয়সুরিয়া দুটি করে উইকেট নেন।
কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে বাংলাদেশ। জবাবে ৪৫৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারী দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭/১০ (৭৯.৩ ওভার); সাদমান ৪৬, মুশফিক ৩৫; দিনুশ ৩/২২
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৫৮/১০ (১১৬.৫ ওভার); নিশাঙ্কা ১৫৮, চান্দিমাল ৯৩, মেন্ডিস ৮৪, উদারা ৪০, কামিন্দু ৩৩; তাইজুল ৫/১৩১, ৩/৮৭
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১১৫/৬ (৩৮.৪ ওভার); মুশফিক ২৬, এনামুল ১৯; ডি সিলভা ২/১৩
*বাংলাদেশ ৯৬ রানে পিছিয়ে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

