জমকালো আয়োজনে আগামী ১১ এপ্রিল কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে ২০২৪ সালের সেরাদের পুরষ্কার তুলে দেয়া হবে। এবারও বিএসপিএ অ্যাওয়ার্ডের পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।
যথারীতি এবারও থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেয়া হবে সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হবে ১৫ মার্চ (শনিবার)। চলবে ২৪ মার্চ পর্যন্ত। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে ভোট দেয়া যাবে বিএসপিএ ওয়েবসাইট www.bspa.com.bd তে।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও নারী ফুটবলার ঋতু পর্না চাকমা। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যা ঘোষণা ও তুলে দেয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা অটোগ্রাফ দেয়া বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

