বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশে পা রাখে তারা। আগামী ১৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ দুটো হবে ২১ ও ২৩ অক্টোবর। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের দুটি ম্যাচই হেরেছে তারা। প্রথম ম্যাচে আহমেদাবাদে ইনিংস ও ১৪০ রানে হারের পর দিল্লিতে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তবে ওয়ানডে ফরম্যাটে ভালো করছে তারা। সবশেষ দুই ওয়ানডেতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। টেস্টের ব্যর্থতা একপাশে রেখে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তাই চনমনে হয়েই মাঠে নামবে শাই হোপের দল।
এদিকে, বাংলাদেশ বন্দি হয়ে আছে সময়ের সবচেয়ে খারাপ অবস্থানের বৃত্তে। যেই ওয়ানডে ফরম্যাট মানেই ছিল টাইগারদের রাজত্ব, সেই ফরম্যাটে নিজেদের হারিয়ে খুঁজছেন মেহেদি হাসান মিরাজরা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হতে হয়েছে ধবলধোলাই। বোলাররা নিজেদের কাজটা ঠিকমতো করলেও ব্যাটাররা জাত চেনাতে পারছেন না। ফলে ঘরের মাঠে সিরিজ হলেও সমর্থকদের আশাবাদী হওয়ার সুযোগ থাকছে না।
পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ ঘুরেফিরে বারবার নিজেদের ব্যাটিংকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ‘আমরা স্বীকার করছি যে, আমরা এই সিরিজে ভালো খেলিনি। আমরা রান পাচ্ছি না, আমাদের সুযোগ ছিল কিন্তু তা কাজে লাগাতে পারিনি। সবাই মেনে নিয়েছে যে আমরা ভালো খেলছি না। প্রতিপক্ষের বোলিং আক্রমণ ভালো কিন্তু আমাদের তা সামলাতে হবে।’
‘আমরা বিশেষ কিছু জায়গা নিয়ে চিন্তিত, যেমন অনেক বেশি উইকেট নষ্ট করা। আমাদের টপ এবং মিডল অর্ডারে এবং তারপর শেষের দিকে দায়িত্ব নিতে হবে। আমরা কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে কথা বলব। আমাদের ৫০ ওভার খেলতে হবে, শেষ দুই ম্যাচে আমরা তা করতে পারিনি।’- আরও যোগ করেন মিরাজ।
৫০ ওভার ব্যাটিং করার সুযোগ এবার পাচ্ছে বাংলাদেশ। এবার দেখার বিষয়, ক্যারিবীয়দের বিপক্ষে অধিনায়কের চাওয়া রাখতে পারেন কিনা তাওহীদ হৃদয়-সাইফ হাসানরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

