সাকিবকে দলে ভেড়াল রূপগঞ্জ

সাকিবকে দলে ভেড়াল রূপগঞ্জ

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরা নিয়ে এতো শঙ্কা। এর মধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিবকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ ডিপিএলের দল-বদলের প্রথমদিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে তাকে দলে ভেড়ায় দলটি।

শঙ্কা থাকার পরও সাকিবকে কেন দলে ভেড়ানো হয়েছে সে ব্যাখ্যায় লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল দৈনিক আমার দেশকে বলেন, ‘সাকিব ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকুক, এটা আমরা সব সময় চাই। বাকিটা দেশের প্রশাসনের ওপর। আমি সবসময় সাকিবের পক্ষে, ক্রিকেটের পক্ষে। আমি মনে করি সাকিবকে খেলানো উচিত।’

বিজ্ঞাপন

তবে দলে ভেড়ালেও সাকিবকে খেলানোটা অনেকটাই কঠিন হবে রূপগঞ্জের জন্য। শুধু দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার জন্য নয়। বোলিং অ্যাকশনে ক্রুটি থাকায় আপাতত বোলিং করতে পারছেন না সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শুধরে না আসা পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে বল করতে পারবেন না তিনি। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেওয়ার আগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন সাকিব। বিষয়টি নিশ্চিত করে বাদল বলেন, ‘রোজায় ইংল্যান্ডে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবে।’

লিজেন্ডস অব রূপগঞ্জ ছাড়াও প্রথম দিনে দলবদল করেছে প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক, গাজী গ্রুপ ক্রিকেটার্স, পারটেক্স স্পোর্টিং ক্লাব। আগামীকাল রোববার দ্বিতীয় দিনে আবাহনী-মোহামেডান দলবদল সম্পন্ন করবে। আজ শনিবার দলবদলের প্রথম দিনে সিসিডিএম থেকে ছাড়পত্র নিলেও দল পাননি লিটন দাস ও মমিনুল হকের মতো ক্রিকেটাররা। গুঞ্জন আছে, লিটন লিজেন্ডস অব রূপগঞ্জ অথবা গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন