ক্রোয়েশিয়াকে গোলের বন্যায় ভাসাল ইংল্যান্ড

ক্রোয়েশিয়াকে গোলের বন্যায় ভাসাল ইংল্যান্ড

উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে ইংল্যান্ড। রিজেকায় স্বাগতিকদের ৭-০ গোলে বিধ্বস্ত করেছে থ্রি লায়নরা। হ্যারি কেইন ও বুকায়ো সাকা করেছেন জোড়া গোল। জুড বেলিংহ্যাম ও অ্যান্থনি গর্ডনের নামের পাশে একটি করে গোল। শেষ দিকে বদলি হিসেবে নেমে ব্যবধান ৭-০ করেন মর্গান রজার্স।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। অষ্টম মিনিটেই বেলিংহ্যামের পাস থেকে গোল করেন কেইন। এটি জাতীয় দলের হয়ে তার ৮৮তম গোল। এরপরও ইংল্যান্ডের আক্রমণের ধার কমেনি। ২১ মিনিটে সাকার ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণ করে বেলিংহ্যামের দিকে বাড়ান গর্ডন। কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ক্রোয়েশিয়ার জন্য সুযোগ এসেছিল ব্যবধান কমানোর। ম্যানচেস্টার সিটির মাতেও কোভাচিচ তিনজনকে কাটিয়ে ছয় গজের মধ্যে পৌঁছেও বল জালে পাঠাতে পারেননি। বিপরীতে ইংল্যান্ড সুযোগ পেলেই আক্রমণে উঠছিল।

৩৯ মিনিটে তৃতীয় গোলটি করেন গর্ডন। জারেল কুয়ানসাহর ক্রস থেকে গোল করে তিন ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের তৃতীয় গোলের দেখা পান তিনি। বিরতির ঠিক আগে আবারও গোল করে ইংল্যান্ড। গর্ডন ও বেলিংহ্যামের সমন্বয়ের পর বেলিংহ্যামের বাড়ানো পাস থেকে সাকা গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ৪-০ ব্যবধানে।

বিরতির পরও ইংল্যান্ডের গোলক্ষুধা কমেনি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের নিচু ক্রসে স্লাইড করে বল জালে পাঠান কেইন। এতে ইংল্যান্ডের পঞ্চম গোলের পাশাপাশি নিজের দ্বিতীয় গোলও পূর্ণ করেন তিনি।

৬৮ মিনিটে ব্যবধান ৬-০ করেন সাকা। জোসিপ স্তানিসিচের ভুল পাস কেড়ে নিয়ে কেইনের কাছ থেকে বল ফিরে পান তিনি। এরপর নিজের দ্বিতীয় গোলটি করেন ইংল্যান্ডের এই উইঙ্গার। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন সাকা, কিন্তু এক গজ দূর থেকে নেওয়া তার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে স্কোরলাইন ৭-০ করেন বদলি হিসেবে নামা মর্গান রজার্স। গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এনে দেন বড় জয়।

এই জয়ে এ-৩ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে গেছে ইংল্যান্ড। বুধবার চেক রিপাবলিকের বিপক্ষে তিন পয়েন্ট পেলে মার্চের কোয়ার্টার ফাইনালের পথে তারা এক ধাপ এগিয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন