চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার হলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। পিএসজির এই তারকা খেলোয়াড়ের পাশাপাশি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন তারই সতীর্থ দেজিরে দুয়ের। সেরা দুই পুরস্কার না পেলেও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল।
পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পর দেম্বেলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একরকম নিশ্চিতই ছিল। ইউরোপ সেরার মঞ্চে চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন ফরাসি তারকা। তার প্রতিদ্বন্দ্বী রাফিনহা ১৪ ম্যাচে ১৩ গোলের সঙ্গে করেছেন ৯টি অ্যাসিস্ট। তবে দল সেমিফাইনাল থেকে বাদ পড়ায় তিনি ফিরেছেন খালি হাতে।
এদিকে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা দুয়ের ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। ফাইনালে ২ গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন এই তরুণ। দুর্দান্ত এই পারফরম্যান্স তার হাতেই উঠেছে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ইয়ামাল ১৩ ম্যাচে গোল করেছেন ৫টি, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট।
তবে ইয়ামাল জায়গা পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে। চ্যাম্পিয়ন পিএসজি থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৭ জন। রানার্সআপ ইন্টার মিলান ও সেমিফাইনাল থেকে বাদ পড়া আর্সেনাল থেকে আছেন ১ জন করে। আরেক সেমিফাইনালিস্ট বার্সেলোনার আছেন দুজন।
সেরা একাদশ: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), মারকিনিওস (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি), রাফিনিয়া (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দিজিরে দুয়ের (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

