চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। তবে ম্যাচটিতে বাংলাদেশ জিতবে, ড্র করবে নাকি হারবে- এই তিনটির কোনোটিই জোর গলায় বলা যাচ্ছে না। তাই আজ পঞ্চম ও শেষ দিন কী রোমাঞ্চ অপেক্ষা করছে গলে- সে দিকে তাকিয়ে সবাই।
সকালের সেশনটা কাটেনি বাংলাদেশের। এ সেশনে হাসান মাহমুদ ও নাঈম হাসান মিলে দুই উইকেট শিকার করেন। তবু স্বস্তি ফিরছিল না। বাংলাদেশের ৪৯৫ রান টপকে লিডের পথে ছিল শ্রীলঙ্কা। কিন্তু লাঞ্চ বিরতি থেকে ফিরেই দৃশ্যপট বদলে দেন নাঈম হাসান। বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এনে দেন ১০ রানের লিড। শেষের ১৫ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত ৪৮৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে বাংলাদেশ। ফলে ১৮৭ রানের লিড নেয় সফরকারীরা।
পরের ইনিংসে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আবারও উদ্বোধনী জুটি হতাশ করল। মাত্র ২৪ রানেই ভেঙে যায় এ জুটি। আরেকবার ব্যর্থতার খাতায় নাম লেখালেন এনামুল হক বিজয় (৪)। তিনে নামা মুমিনুল ১৪ রানের বেশি করতে পারলেন না। তবে দ্বিতীয় ইনিংসে এসে ওপেনার সাদমান ইসলাম ৭৬ রানের ইনিংস উপহার দিলেন। তার আউটের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি পূর্ণ করে দিনশেষে উইকেট ধরে রাখেন। মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে বাংলাদেশের লিড ১৮৭-তে পৌঁছে দেন শান্ত।
শান্ত ও সাদমানের ফিফটির আগে ঘূর্ণি বলে আবারও একবার নিজেকে প্রমাণ করলেন নাঈম। বিদেশের মাঠে প্রথমবার টেস্ট ক্রিকেটের ইনিংসে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েন। এর আগে ঘরের মাঠে তিনবার ইনিংসে ৫ উইকেট শিকার করার রেকর্ড রয়েছে তার। প্রায় ৭ বছর আগে ইনিংসে ৫ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল চট্টগ্রাম থেকে উঠে আসা এই বোলারের।
চতুর্থ দিন গলের উইকেট থেকে অতটা সুবিধা আদায় করে নিতে পারেননি স্পিনাররা। তবে নিজের উচ্চতা কাজে লাগিয়ে উইকেট থেকে বাউন্স আদায় করেন নেন নাঈম। আগের দিন চান্ডিমালের উইকেট নিয়েছিলেন। গতকাল তার ঘূর্ণির সামনে উইকেট হারান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, থারিন্দু রত্মানায়েকে ও অসিথা ফার্নান্দো। কামিন্দুকে ৮৭ রানে ফিরিয়ে দিয়ে স্বস্তি ফেরান নাঈম। ৪৩.২ ওভারে ১২১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই অফস্পিনার। তার জ্বলে উঠার দিন বোলিংয়ে ঝলক দেখান পেসার হাসান মাহমুদও। তার বোলিং বিশ্লেষণ-২১-৪-৭৪-৩।
বাংলাদেশ- ৪৯৫ ও ১১৭/৩ (৫৭ ওভার)
শ্রীলঙ্কা- ৪৮৫
বাংলাদেশ লিড- ১২৭ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

