'ফেল, চরম বিশৃঙ্খলা ও মিউজিক্যাল চেয়ার'

এশিয়ান গেমস আয়োজকদের তীব্র সমালোচনা দলগুলোর

এশিয়ান গেমস আয়োজকদের তীব্র সমালোচনা দলগুলোর

২০২৬ এশিয়ান গেমসের আয়োজক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা, আবাসন সংকট এবং অগোছালো পরিবহণ ব্যবস্থার অভিযোগ তুলেছে বিভিন্ন দেশের ক্রীড়া দল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোনো কোনো দেশ এটিকে 'ফেল করা' বা 'মিউজিক্যাল চেয়ার' খেলার সঙ্গে তুলনা করেছে।

বিজ্ঞাপন

এবারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ১৭ হাজারেরও বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তার অংশগ্রহণ রয়েছে। তবে বাজেট বাঁচানোর অজুহাতে ঐতিহ্যবাহী কোনো প্রধান ভিলেজ তৈরি না করায় তীব্র আবাসন সংকট তৈরি হয়েছে। অংশগ্রহণকারীদের থাকার জন্য রাখা হয়েছে মূলত অস্থায়ী কন্টেইনার ঘর, কিছু হোটেল এবং নাগোয়া বন্দরে নোঙর করা কোস্তা সেরেনা নামের একটি প্রমোদতরী।

থাইল্যান্ড অলিম্পিক কমিটির উপ-মহাসচিব চালিতরাত চান্দ্রুবেক্সা ক্ষোভ প্রকাশ করে জানান, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নাম না থাকায় বা রুম না পাওয়ায় খেলোয়াড়দের এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে, যা অনেকটা 'মিউজিক্যাল চেয়ার' খেলার মতো। থাইল্যান্ডের মতো অন্যান্য দলগুলোকেও নিজেদের উদ্যোগে বিকল্প আবাসন বা অতিরিক্ত গাড়ি ভাড়া করতে হয়েছে।

দক্ষিণ কোরিয়া শুরু থেকেই আয়োজকদের সমালোচনা করে আসছে। দক্ষিণ কোরিয়ান স্পোর্টস অ্যান্ড অলিম্পিক কমিটির সভাপতি Ryu Seung-min কড়া ভাষায় বলেন, এই আয়োজনকে যদি নম্বর দেওয়া হয়, তবে তা হবে ফেল বা 'এফ' গ্রেডের। আয়োজকরা কেবল অজুহাত দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটি।

চাইনিজ তাইপের প্রতিনিধি স্টিভেন চেন জানান, আগে থেকেই কম বিছানার আশঙ্কায় তারা অতিরিক্ত ১০০ রুম বুক করে রেখেছিলেন। এছাড়া তাদের অভিযোগ, অনুশীলনের সময়সূচির মতো যাতায়াত এবং বিমান ধরার সময়েও শেষ মুহূর্তে বাস বা যাতায়াতের সময় পরিবর্তন করা হচ্ছে, যা দলগুলোর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, এশিয়ান গেমস আয়োজন কমিটির মুখপাত্র হিরোশি কোশিজুকা দাবি করেছেন, ক্রীড়াবিদদের চাহিদা মেটাতে বাস ও শাটল সার্ভিস যথাসাধ্য বাড়ানো হয়েছে। কিছু পরিবহণ সমস্যার কথা স্বীকার করলেও তাদের দাবি, এর ফলে কোনো ইভেন্ট বা খেলার সূচিতে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

খেলোয়াড় ও দলগুলোর ক্রমবর্ধমান এমন অসন্তোষ ও অভিযোগের মুখে গেমসের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন