আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী এশিয়ান কাপ

বাংলাদেশকে সমীহ করেই খেলবে চীন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশকে সমীহ করেই খেলবে চীন

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের নাম চীন। এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। সর্বোচ্চ ৯ বার এশিয়ান কাপের শিরোপা জিতেছে চীনের মেয়েরা। ফিফা বিশ্বকাপ ও অলিম্পিকের সাবেক রানার্সআপও তারা।

অন্যদিকে ইতিহাসে এই প্রথমবার এশিয়ান কাপে খেলতে নামবে বাংলাদেশ নারী দল। তাছাড়া ফিফা র‌্যাংকিংয়েও দুদলের ব্যবধান অনেক। চীন যেখানে ১৭তম, সেখানে বাংলাদেশ রয়েছে ১১২তম অবস্থানে। অতীত ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড ও সাফল্যে সমৃদ্ধ চীন দলটি বাংলাদেশের সামনে প্রবল প্রতিপক্ষই। তবুও চীনের অস্ট্রেলিয়ান কোচ আন্তে মিলিসিচ বলেছেন, বাংলাদেশকে সমীহ করেই মাঠের লড়াইয়ে নামবে তার দল।

বিজ্ঞাপন

আগামী ৩ মার্চ ‘বি’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে চীনের মেয়েরা। মিলিসিচ বলেন, ‘আপনাকে আপনার প্রথম প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান জানাতেই হবে। এই প্রথম তারা এশিয়ান কাপে খেলছে।’

সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপের শিরোপা জয়ের পর থেকে রীতিমতো সংগ্রাম করছে চীন নারী ফুটবল দল। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গিয়ে খেই হারিয়ে ফেলছে তারা। ২০২৩ নারী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চীন। প্যারিস অলিম্পিকেও তাদের অনুপস্থিতি দেখা গেছে। সবশেষ গত নভেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে প্রীতি ম্যাচে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে চীন নারী দল। ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের অসহায়ত্বের দৃশ্য দেখা গেছে। যে হারের প্রভাব বেশ ভালোভাবেই দলের ওপর পড়েছে। তবে এই বড় হার ভুলে সামনের দিকে তাকিয়ে চীনের কোচ মিলিসিচ।

তিনি বলেন, ‘এটি স্রেফ ৯০ মিনিটের একটি ম্যাচ ছিল, যেটা আমরা খেললাম। দর্শকভরা মাঠে শক্তিশালী দলের বিপক্ষে এমন পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল আমরা নই। ঠিক এ কারণেই চীন গতিটা ধরে রাখতে পারেনি।’ মিলিসিচ আরো জানান, আসন্ন টুর্নামেন্টে তার দল বেশ ভালোভাবেই প্রস্তুত। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। তারা তাদের কাজটা ঠিকঠাকমতো করছে। এখন মূল লড়াইয়ের অপেক্ষায় চীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...