ইংলিশ প্রিমিয়ার লিগ

দুই ধাপ এগিয়ে তিনে সিটি

দুই ধাপ এগিয়ে তিনে সিটি

জয়ের ট্র্যাকেই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ধারাটা অব্যাহত রইল আরেকটি ম্যাচে। মঙ্গলবার রাতে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় সিটি। ম্যাচের নীরবতা ভেঙে দেন বার্নার্ডো সিলভা। তার শটটি শুরুতে অবশ্য রুখে দিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দুর্ভাগ্য আর্জেন্টাইন গোলবারের এ অতন্দ্র প্রহরীর। তার গায়ে লেগে বল আছড়ে পড়ে জালে। এমন বিস্ময়কর ভুলের পর মার্তিনেজের ওপর চটেছেন অ্যাস্টন ভিলার সমর্থকরা। তবে সমতায় ফিরতে মোটেই সময় নেয়নি অ্যাস্টন ভিলা। পেনাল্টি থেকে সফরকারীদের সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড।

প্রথমার্ধে দুদল গোলের দেখা পেলেও কিছুতেই ব্যবধান গড়তে পারছিল না কেউ। নিশ্চিত ড্রয়ের দিকেই যেন এগিয়ে যাচ্ছিল ম্যাচ। শেষে ম্যাচের মোড় ঘুরে যায় ইনজুরি টাইমে। অতিথি অ্যাস্টন ভিলার জাল কাঁপিয়ে সিটির ডাগআউটে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দিয়ে ম্যাচের নায়ক বনে যান মাথেউস নুনেস। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল। রোমাঞ্চকর ও নাটকীয় এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে জায়গা করে নিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। তার মানে এক লাফে লিগ টেবিলে দুই ধাপ এগিয়েছে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাব।

ইংলিশ লিগে এ নিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেল আর্লিং হাল্যান্ডরা। সব মিলিয়ে অজেয় রইল তারা টানা ছয় ম্যাচে। আর নিজেদের মাঠে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগে টানা ১৫ জয় পেল জায়ান্ট টিমটি। এ ম্যাচে মহাগুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে সিটি। এতে লিগের পয়েন্ট টেবিলে সেরা পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রাখল সিটি।

৩৪ ম্যাচ খেলে ১৮ জয় আর ৭ ড্রয়ে ৬১ পয়েন্টের সংগ্রহ নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে গার্দিওলার ক্লাব। আর ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে, ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরে লিভারপুল। গতকাল রাতে আর্সেনাল হেরে থাকলে শিরোপা উৎসব এতক্ষণে করে ফেলেছে দ্য রেড শিবির।

একনজরে ফল

ম্যানসিটি ২-১ অ্যাস্টন ভিলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন