দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর ঘণ্টা চারেক আগে সিলেটে বিসিবির বোর্ডসভা। পাঁচ পরিচালকের উপস্থিতিতে হওয়া এই বোর্ডসভায় গুরুত্বপূর্ণ এজেন্ডা বলতে বিসিবির আসন্ন নির্বাচন ও বিপিএল ইস্যু। শেষ পর্যন্ত বিসিবির এই সভায় নির্ধারিত হয়েছে আসন্ন নির্বাচনের ভাগ্য। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অক্টোবরে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বিসিবির বোর্ডসভায়। এজন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। এই ব্যাপারে নাজমুল আবেদিন ফাহিম জানান, নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাঁধে।
এই নির্বাচনের আগে বিসিবির গঠনতন্ত্র সংস্কারের কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। ফলে ২০২৪ সালের গঠনতন্ত্র অনুযায়ীই হবে বিসিবির আসন্ন নির্বাচন। এই দিকে বিসিবির কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার সুযোগ পান প্রতিটি জেলা ও বিভাগ থেকে একজন করে।
তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। অ্যাডহক কমিটির মাধ্যমে চলা ক্রীড়া সংস্থাগুলো থেকে কীভাবে কাউন্সিলর নেওয়া হবে, সেই প্রশ্নও উঠেছে। এই ব্যাপারে নাজমুল আবেদিন ফাহিম জানান, বর্তমান গঠনতন্ত্রে যেভাবে নির্দেশনা আছে সেভাবেই কাউন্সিলর নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

