দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটা খেললেন লিওনেল মেসি। বল পায়ে চিরচেনা ঝলকে ভেনেজুয়েলার বিপক্ষে দলকে ৩-০ গোলের জয় এনে দেওয়া ম্যাচে নিজে করেছেন দুই গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি। এই ম্যাচে মেসির প্রথম গোলটিতে পাস দিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। মেসিকে আইডল মেনে বেড়ে ওঠা যে তরুণ আজ মহাতারকার সঙ্গে একই মঞ্চে খেলছেন। বিদায়ী ম্যাচেও এগিয়ে দিলেন বল। গোল করলেন মেসি। ম্যাচ শেষে আলভারেজ জানালেন সেই গোলের পেছনের গল্প।
ম্যাচে আলভারেজ চাইলে নিজেই গোল করতে পারতেন। কিন্তু তা না করে বল বাড়িয়ে দিয়েছিলেন পাশ দিয়ে ছুটে আসা মেসিকে। কেবল কিংবদন্তির প্রতি শ্রদ্ধার জন্যেই এই উৎসর্গ, ‘মেসির জন্য আমার অ্যাসিস্ট? এটাই ফুটবলের সবচেয়ে সুন্দর জিনিস। এটা শুধু অ্যাসিস্ট নয়, এটা একটা উপহার! আমরা সম্পূর্ণ একমত ছিলাম! আমাদের স্টেডিয়ামে, আমাদের দেশে তার শেষ মুহূর্ত রাঙানোর জন্য। এই গল্পের একটা সুখকর সমাপ্তি হওয়া উচিত ছিল। আমার হৃদয় আমাকে বলছিল- “জুলিয়ান, ওকে (মেসিকে) বলটা দাও।”
‘আমি তো গোল করার কথা ভাবছিলামও না। আমি ওকে দৌড়াতে দেখেছি, জায়গাটা বুঝতে পেরেছি, আর আমি শুধু জানতাম বলটা ওর কাছেই যেতে হবে। এটাই মেসি! যখন তুমি ওকে সঠিক মাপে বলটা দিয়ে দাও, জাদু দেখতে পাবে। আমি বলতে চাই যে এটা লিওর জন্য, ভক্তদের জন্য, আর্জেন্টিনার প্রতিটি বাচ্চার জন্য যারা এরকম একটা মুহূর্তের স্বপ্ন দেখে,’- আরুও যোগ করেন আর্জেন্টিনার নাম্বার নাইন।
স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া আলভারেজ মেসির প্রতি নিবেদন জানলেন এভাবে, ‘আজকের দিনটি আমার জন্য ছিল না। দিনটি এমন একজন কিংবদন্তির জন্য ছিল যিনি আমাদের সবকিছু দিয়েছিলেন। আমাদের কর্তব্য ছিল তাকে একটা অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া। যদি আমি ওকে বল না দিতাম এবং আমি শট মিস করতাম, তাহলে কোচ এবং বাকি সতীর্থরা আমাকে ড্রেসিংরুম থেকে বের করে দিত (হাসি)। আর্জেন্টিনায় মেসির বিদায়ী গোল দেখা থেকে কেউই বঞ্চিত হতে চায় না।’
আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে রাতটা হয়ে থাকল ইতিহাসের অংশ। বিদায়ের আবহ—আলবিসেলেস্তে সতীর্থরা যেন একসাথে মুগ্ধতার সাগরে ভেসে গেলেন মেসিকে ঘিরে। আলভারেজের মতো মুগ্ধতার সাগরে ডুবে গেলেন লাউতারো মার্টিনেজও, ‘এটা স্মরণীয় এক রাত, কারণ লিও আমাদের জন্য কী, তা ভাষায় বলা যায় না। শুধু ফুটবলার নয়, প্রতিদিনের নেতৃত্ব, শিক্ষা আর মানুষ হিসেবে তিনি অসাধারণ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

