টানা নবম জয় নিয়ে বিশ্বকাপের পথে জার্মানি

স্পোর্টস ডেস্ক

টানা নবম জয় নিয়ে বিশ্বকাপের পথে জার্মানি

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও জয়ের ধারা ধরে রেখেছে জার্মানি। যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই আত্মবিশ্বাস নিয়েই আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মান দল।

শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। ফ্রি-কিক থেকে আসা বলে দারুণ এক হেডে গোল করেন কাই হ্যাভার্টজ।

তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৩৭তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন।

বিরতির পর ম্যাচে আবারও এগিয়ে যায় জার্মানি। ৫৭তম মিনিটে হ্যাভার্টজের ছোট পাস থেকে বল পেয়ে শট নেন লেরয় সানে। বলটি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার মাইলস রবিনসনর গায়ে হালকা লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল।

এই হারে ইউরোপিয়ান দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ধারাও দীর্ঘ হলো। ২০২২ সালের পর থেকে ইউরোপের প্রতিপক্ষদের বিপক্ষে এটি তাদের টানা নবম হার।

১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে ৬৩ হাজারের বেশি দর্শকের সমর্থন পেয়েও জয় তুলে নিতে পারেনি তারা। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে মার্কিনরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও তুরস্ক।

অন্যদিকে ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। সেই হতাশা পেছনে ফেলে এবার নতুন প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে নামছে দলটি। টানা নয় ম্যাচের জয়ের ধারায় থাকা জার্মানদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...