গলেই টেস্ট অভিষেক, গলেই ৫৫০ উইকেট লায়নের

গলেই টেস্ট অভিষেক, গলেই ৫৫০ উইকেট লায়নের

ব্যাট হাতে দাপট দেখানোর পর অস্ট্রেলিয়ার বোলিংটাও হলো দুর্দান্ত। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেরির জোড়া সেঞ্চুরিতে ৪১৪ রানের পাহাড় গড়ে অতিথিরা। পরে বল হাতেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারীরা।

বিজ্ঞাপন

বোলিংয়ে দ্যুতি ছড়ান ম্যাথু কুহনেম্যান আর নাথান লায়ন। দুজনের স্পিন ভেলকিতে শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২১১ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৮ উইকেট। স্বাগতিকরা এখন এগিয়ে ৫৪ রানে। তাতে গলের দ্বিতীয় টেস্টের সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের খুব কাছে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।


লঙ্কানদের হয়ে ব্যাট হাতে লড়াই করে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার ব্যাট থেকে আসে ৭৬ রানের দাপুটে এক ইনিংস। দলের আশার মশাল হয়ে এখনো ক্রিজে জ্বলছেন কুসল মেন্ডিস। ৪৮ রানে রয়ে গেছেন অপরাজিত। ষষ্ঠ উইকেটে দুজনে ৭০ রানের জুটি গড়ায় লিডের দেখা পায় ধনাঞ্জয়া ডি সিলভার দল।

অস্ট্রেলিয়ার হয়ে কুনেহম্যান একাই শিকার করেন ৪ উইকেট। তিনটি উইকেট গেছে নাথান লায়নের পকেটে। লায়ন পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৫৫০তম উইকেটের দেখা। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই গলেই লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল এ তারকা অজি স্পিনারের।


তার আগে ৩ উইকেটে ৩৩০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের দুই অপরাজিত সেঞ্চুরিয়ান ব্যাটার স্মিথ ও কেরি থেমে যান যথাক্রমে ১৩১ ও ১৫৬ রানের দুর্দান্ত দুটি ইনিংস উপহার দিয়ে। চতুর্থউইকেটে দুজনে গড়েন ২৫৯ রানের পার্টনারশিপ।

সংক্ষিপ্ত স্কোর


শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৫৭ ও দ্বিতীয় ইনিংস: ২১১/৮, ৬২.১ ওভার (ম্যাথুস ৭৬, কামিন্দু ১৪, ধনাঞ্জয়া ২৩, মেন্ডিস ৪৮*; কুনেম্যান ৪/৫২, লায়ন ৩/৮০)।


অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১৪, ১০৬.৪ ওভার (স্মিথ ১৩১, কেয়ারি ১৫৬; পেইরিস ৩/৯৪, জায়াসুরিয়া ৫/১৫১, রামেশ ২/৮১)।

* তৃতীয় দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন