ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সেটা আরেকবার প্রমাণ পাওয়া গেল কাউন্টি ক্রিকেটে। তাতে একদলের ৪২৬ রান তাড়া করতে নেমে ২ রানেই অলআউট হয়ে গেছে আরেকদল। ঘটনা ঘটেছে ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির তৃতীয় স্তরের ক্রিকেট লিগে। ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ ৪২৪ রানে হারিয়েছে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে।
৪৫ ওভারের ম্যাচ। প্রথমে ব্যাট করে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ করলো ৬ উইকেটে ৪২৬ রান। এরপর প্রতিপক্ষ রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ২ রানে অলআউট করে সেই দল জিতলো ৪২৪ রানে!
নর্থ লন্ডনের তৃতীয় একাদশের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন ড্যান সিমন্স। এছাড়া জ্যাক লিউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২) করেছেন। এদিকে অতিরিক্ত খাত থেকে এসেছে ৯২ রান। এর মধ্যে ৬৫টি ওয়াইড ও ১৬টি নো বল ছিল।
রান তাড়ায় নেমে রিচমন্ডের একজন ব্যাটসম্যান ১ রান করতে পেরেছেন। অন্য রানটি এসেছে ওয়াইড থেকে। নর্থ লন্ডনের বোলার ম্যাট রোসন ৩ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আরেক বোলার টম স্পটন ২.৪ ওভারে ২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।রানআউট দুটি।
এই জয়ে ১০ পয়েন্ট পেয়েছে নর্থ লন্ডন। ২১ পয়েন্ট নিয়ে ৯ দলের লিগে ক্লাবটি আছে তিনে। ১১ পয়েন্ট নিয়ে রিচমন্ড আছে ছয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

