বাস্কেটবল খেলোয়াড় থেকে ফুটবলে নাম লিখিয়েই রেকর্ড গড়েছেন সাবেক এনবিএ খেলোয়াড় পাভেল পদকোলজিন। ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি) লম্বা এই রাশিয়ান এখন বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার। যিনি গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার উঁচু। খবরটি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।
রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক হয়েছে ৪০ বছর বয়সি পাভেলের। এর আগে পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)।
সুঠাম দেহের এই সাবেক এনবিএ খেলোয়াড়ের ফুটবল খেলার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এক ভিডিওতে দেখা গেছে, প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঠেলে বল দখলের চেষ্টা করছেন পাভেল।
এনবিএ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি পাভেল। ২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফটে ২১তম খেলোয়াড় হিসেবে নিয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে ডালাস ম্যাভেরিকসে পাঠানো হয়। ডালাসের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন। পরে দেশে ফিরে রাশিয়ান সুপার লিগে খেলা শুরু করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

