ইংল্যান্ড-ভারত প্রথম টেস্ট

জয়সওয়ালের সেঞ্চুরি

জয়সওয়ালের সেঞ্চুরি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। লিডসে যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে শক্ত অবস্থানে রয়েছে শুভমান গিলের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে তারা। জয়সওয়াল ১০০ রানে ও অধিনায়ক গিল ৫৭ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার লোকেশ রাহুল ও জয়সওয়াল। দুজন মিলে ব্যাটিং করেন আক্রমণাত্মক। ওয়ানডে স্টাইলে খেলে দলকে দ্রুতই পার করেন ফিফটির ঘর। একশর ঘর স্পর্শ করার আগেই অবশ্য প্রথম আঘাত করে ইংল্যান্ড। ৭৮ বলে ৮ চারে ৪২ রানে ফিরে যান রাহুল। রুটের ক্যাচ বানিয়ে তাকে ফেরান ব্রেন্ডন কার্স। এক ওভার পরই সাই সুদর্শনকে শূন্য রানে ফেরান বেন স্টোকস।

দ্রুত দুই উইকেট পতনের পর জয়সওয়ালের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক শুভমান গিল। দুজন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। এর মধ্যে নিজের ফিফটি আদায় করে নেন জয়সওয়াল। ৯৬ বলে ৮ চারে টেস্ট ক্যারিয়ারের একাদশ ফিফটি স্পর্শ করেন এই তরুণ। তৃতীয় উইকেটে গিলের সঙ্গে গড়েন ৬৩ বলে ৫০ রানের জুটি। দুজনের দারুণ ব্যাটিংয়ে ৩৭.৭ ওভারে দলীয় দেড়শ রান পার হয় ভারত।

এরপর ড্রিংকস ব্রেক থেকে ফিরে এসেই নিজের ফিফটি পূরণ করেন গিল। ৫৬ বলে ৮টি চারের মারে ওয়ানডে স্টাইলে খেলে ক্যারিয়ারের অষ্টম ফিফটি স্পর্শ করেন ভারতীয় অধিনায়ক। সেই সঙ্গে তৃতীয় উইকেট জুটিয়ে জয়সওয়ালের সঙ্গে গড়েন শতরানের জুটি। তাতে ভারতও পার হয় দুইশ রানের ঘর। এরপর ৪৯ ওভারে কার্সকে ৩ চার হাঁকিয়ে ১৪৪ বলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি স্পর্শ করেন জয়সওয়াল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৪৯ ওভারে ২০৯/২ (জয়সওয়াল ১০০, গিল ৫৭; স্টোকস ১/২২, কার্স ১/৫৮)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন