দল পাঠানো নিয়ে ভারতকে পাকিস্তানের ‘হুমকি’

দল পাঠানো নিয়ে ভারতকে পাকিস্তানের ‘হুমকি’

রাজনৈতিক দ্বন্দ্বের জেরে লম্বা সময় ধরেই নিজেদের মধ্যে দ্বিপাক্ষীক সিরিজ আয়োজন করে না পাকিস্তান-ভারত। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই দুই দেশ। এই যেমন সবশেষ এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। এবার আসন্ন এশিয়া কাপ ও জুনিয়র হকি বিশ্বকাপকে সামনে রেখে ভারতকেও তেমন ইঙ্গিতই যেন দিয়ে রাখল পাকিস্তান।

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের আসন্ন আসর। এরপর ২০২৬ সালে জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র শঙ্কা থাকলে বয়সভিত্তিক পর্যায়ের হকি বিশ্বকাপে দল না পাঠানোর হুমকি দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রীর যুব উন্নয়ন ও ক্রীড়া কর্মসূচির চেয়ারম্যান রানা মাশহুদ।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের তিক্ততার চূড়ান্ত পরিণতি ছিল কিছুদিন আগে পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক সংঘাত। এক সপ্তাহ ধরে চলা সেই সংঘাত থামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায়। তাই দল পাঠানোর আগে ভারতের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে পাকিস্তান। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাশহুদ।

তিনি বলেন, ‘আমরা ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখব। যদি মনে হয় আমাদের নাগরিকদের জন্য সেখানকার পরিস্থিতি নিরাপদ, তাহলেই কেবল ভেবে দেখব। নাহলে আমরা কোনো ঝুঁকিতে যেতে চাই না। সবশেষ সংঘাতের পর দুই দেশের মধ্যে সবকিছুতে আমুল পরিবর্তন এসেছে। এটা পাকিস্তানের নাগরিকদের জন্য উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে আমাদের সরকার সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন