থাকবে বীমার ব্যবস্থা

গণপরিবহনে ছাড় পাবেন ক্রীড়া কার্ডধারীরা

গণপরিবহনে ছাড় পাবেন ক্রীড়া কার্ডধারীরা

জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ঐতিহাসিক এক উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে ক্রীড়া কার্ডধারীরা সরকারি ও বেসরকারি গণপরিবহনে বিশেষ ভাড়ায় ছাড় এবং জীবন বীমাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এসব নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন ও বীমা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় ক্রীড়াবিদদের কল্যাণে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।

সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো—ক্রীড়া কার্ডধারীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে সরকারি এবং বেসরকারি সব ধরনের গণপরিবহনে ভাড়ায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে।

খেলাধুলাকালীন বিভিন্ন দুর্ঘটনা, আঘাতজনিত চিকিৎসা খরচ এবং সার্বিক জীবনের আর্থিক ঝুঁকি মোকাবিলায় খেলোয়াড়দের জীবন ও স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে।

এ সুবিধাগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিবহন মালিক সমিতি এবং বীমা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।

খেলোয়াড়দের পেশাগত জীবন নিরাপদ করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তাদের মতে, এর ফলে দেশের উদীয়মান ও কৃতী খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং তারা আরো আত্মবিশ্বাসী হয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন