ফেডারেশন কাপে আজ রহমতগঞ্জের বিপক্ষে খেলেননি ফর্টিসের বাংলাদেশের জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। ফর্টিস ছেড়ে চলে যাচ্ছেন এই খেলোয়াড়। জাতীয় স্টেডিয়ামে আজ শেষবারের মতো ফর্টিস ক্লাব হয়ে এসেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে জাপানি ভাষায় শুকি জানান, বাংলাদেশের চেয়ে উঁচুমানের লিগে খেলতে চান। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যেই বিদেশি লিগে নিজেকে গড়ে তুলতে চান শুকি।
এক বছরের জন্য শুকির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফর্টিস। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে লিগ ছাড়তে ছাড়ছেন এই উইঙ্গার। ফর্টিস ক্লাবের সভাপতি শাহীন হাসান বলেন, ‘চাইলে তাকে চুক্তির বেড়াজালে আমরা আটকাতে পারতাম। তবে জাতীয় দলের কথা ভেবে ওকে আমরা ছাড়ব। বাইরে খেলে এসে যেন আমাদের দেশকে সে ভালো কিছু দিতে পারে।’ ফর্টিসের হয়ে পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে শুকির। হঠাৎ বাংলাদেশ ফুটবল লিগ কেন ছাড়তে চান শুকি। মুখে কিছু না বললেও জানা যায়, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান ও গতি নিয়ে খুবই হতাশ এই ফুটবলার। তাই ভালো মানের গতিময় ফুটবল লিগে খেলতে চান শুকি। তবে বাংলাদেশের জাপান প্রবাসী ফুটবলারের গন্তব্য কোথায় হতে যাচ্ছে, সেটি জানা যায়নি। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া লিগে নাম লেখানোর সম্ভাবনা রয়েছে শুকির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

