অস্ট্রেলিয়া সফর দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এইডেন মার্করাম। তার সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরতে যাচ্ছেন টেম্বা বাভুমাও। দুজনে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে।
আগামী মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মার্করাম। ছিলেন বিশ্রামে। আর বাভুমা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিস করেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য ইনজুরিতে পড়েছিলেন বাভুমা।
তবে সফরের জন্য ঘোষিত দলে নেই মার্কো জানসেন ও ডেভিড মিলার। বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলির অস্ত্রোপচারের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি জানসেন। আর মিলার ছুটি নিয়েছেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে খেলার জন্য। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

