প্রথমবারের মত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দেখা যাবে বাবর আজমকে। পাকিস্তানের তারকা ব্যাটসম্যানকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স। ড্রাফটের আগে প্রতিটি দলে একজন করে বিদেশি নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাবরকে নিয়েছে সিক্সার্স।
বিগ ব্যাশে সুযোগ পেয়ে রোমাঞ্চিত বাবর। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগগুলোর একটিতে খেলার এবং এমন সফল একটি ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা রোমাঞ্চকর সুযোগ। দলের সাফল্যে অবদান রাখার, সমর্থকদের সঙ্গে একটি শক্তিশালী সংযোগ তৈরি করার এবং পাকিস্তানে আমার বন্ধুবান্ধব, পরিবার ও ভক্তদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি আমি।’
বাবরের দলে অজি তারকা স্মিথের পাশাপাশি আছেন শন অ্যাবট, জোয়েল ডেভিস, বেন ডোয়ার্শিস, জ্যাক এডওয়ার্ডস, মোইজেস হেনরিকস, টড মার্ফি, মিচ পেরি, জশ ফিলিপ ও জর্ডান সিল্ক। ড্রাফট থেকে এই দলে খেলার সুযোগ হতে পারে তার স্বদেশী শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ানেরও।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর এখন পর্যন্ত ৩২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ হাজার ৩৩০ রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে তার ১১টি, ফিফটি ৯৩টি। এর আগে সিপিএল, বিপিএল, এলপিএল ও ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন বাবর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

