স্প্যানিশ সুপার কাপ

সৌদিতে চলল কেবল গাভি-ইয়ামাল জাদু

স্পোর্টস ডেস্ক

সৌদিতে চলল কেবল গাভি-ইয়ামাল জাদু
লামিনে ইয়ামাল ও গাভির গোল উদযাপন

শুরু থেকে ছন্দময় ফুটবল খেলল বার্সেলোনা। আগ্রাসী ফুটবলের পসরা সাজিয়ে নাস্তানাবুদ করে ছাড়ল প্রতিপক্ষকে। তার ফলও মিলল। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই কাতালানরা পেয়ে যায় দুই গোলের দেখা। বার্সার ডাগআউটে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেন গাভি ও লামিনে ইয়ামাল। দুই তরুণ তুর্কির জাদুতে মাঠের লড়াইয়ে চলল বার্সার রাজত্ব।

বিজ্ঞাপন

কিন্তু ম্যাচের শেষ ভাগে স্প্যানিশ জায়ান্টকে আক্রমণে নাজেহাল করার চেষ্টা করে ব্যর্থ হয় অ্যাথলেতিক বিলবাও। শত চেষ্টা করেও গোলের সন্ধান পায়নি। এমনকি দুবার জালে বল পাঠিয়েও ছিল তারা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তাতে সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে ২-০ গোলের জয়ের খুশি নিয়ে মাঠ ছেড়েছে কোচ হান্সি ফ্লিকের দল।

রোমাঞ্চকর এ জয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটল বার্সা। গত দুই মাস খারাপ সময় কাটানো বার্সেলোনা নতুন বছরে প্রথম দুই ম্যাচেই পেল জয়ের দেখা। আগামী রোববার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে মাঠে নামবে টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের শিরোপাধারী বার্সেলোনা। রাতে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী রিয়াল মাদ্রিদ বা মায়োর্কার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে তারা।

আক্রমণের পর আক্রমণ রচনা করে সৌদির কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বিলবাওকে হতবিহ্বল করে দেয়। পঞ্চম মিনিটে জুল কুন্দের কাছ থেকে বক্সে বল পেয়ে উড়িয়ে মারেন রাফিনফা। অষ্টম মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফ্রি-কিক রুখে দেন বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন।

তারপরও গোলের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ম্যাচের ১৭ মিনিটেই লিড নিয়ে নেয় বার্সা। পেদ্রি খুঁজে নেন আলেহান্দ্রো বাল্দেকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাক থেকে পাস পেয়েই প্রথম টোকাতেই জাল কাঁপিয়ে দেন গাভি। চলতি মৌসুমে জার্সিতে ২০ বছরের এ স্প্যানিশ মিডফিল্ডারের এটাই প্রথম গোল। হাঁটুর চোট নিয়ে ১১ মাস মাঠের লড়াইয়ে দর্শক হয়েছিলেন। গত অক্টোবরে মাঠে প্রত্যাবর্তন হয় গাভির।

ম্যাচের ২৪তম মিনিটে দারুণ সেভে গোল প্রচেষ্টা রুখে দেন সিমোন। রাফিনহার সঙ্গে ইয়ামালকে হতাশ করেন এই স্প্যানিশ গোলরক্ষক। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বার্সা দ্বিতীয় গোল পায় বিরতির পর। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৭ মিনিটের মধ্যে গাভির কাছ বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের গোলরক্ষকের চোখ ফাঁকি দেন ইয়ামাল। গোড়ালির ইনজুরি নিয়ে তিন সপ্তাহ মাঠের বাইরেই ছিলেন। ১৭ বছরের এ স্প্যানিশ উইঙ্গার মাঠে নিজের প্রত্যাবর্তন রাঙালেন এ গোলে। এ মৌসুমে ক্লাব ফুটবলে তার গোলের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতে। সঙ্গে সতীর্থদের গোলে অবদান রেখেছেন ১২বার।

গোলের দারুণ এক সুযোগ পেয়ে নিশানা ভেদ করতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। ম্যাচ শেষে আট মিনিট আগে দি মার্কোস বল জড়ান বার্সার জালে। কিন্তু মাঠের রেফারি অফসাইডের বাঁশি বাজান। চার মিনিট পর ফের মন ভেঙে যায় বিলবাওয়ের খেলোয়াড়দের। ইনাকি উইলিয়ামস জালে ঠিকানা খুঁজে নিলেও লাভ হয়নি। ভিএআরের সহায়তা নিয়ে এবারও অফসাইডের বাঁশি বাজিয়ে বিলবাওকে রাজ্যের হতাশায় ডুবিয়ে দেন রেফারি।

লড়াইয়ের অন্তিম মুহূর্তে গোলের সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হন ফেরান তোরেসও। তার পা ছুঁয়ে যাওয়া বল গোললাইন পেরিয়ে যাওয়ার আগেই ঠেকিয়ে দেন বিলবাওয়ের এক ডিফেন্ডার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...