বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ‘এ’ দলের

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ‘এ’ দলের

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪৭ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। জবাবে ১৩৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। এনামুল হক বিজয়ের অবদান ৩৮ রান। ২৪ রান করেন পারভেজ হোসেন ইমন। মাহিদুলের সঙ্গে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সোহান। ম্যাচ উইনিং বাউন্ডারিটা আসে অধিনায়কের ব্যাট থেকেই। স্বাগতিকদের পতন হওয়া ৩ উইকেটের মধ্যে দুইটাই নেন ক্রিশ্চিয়ান ক্লার্ক। বাকি উইকেটটা নেন ডিন ফক্সক্রফট।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে খালেদ আহমেদ, তানভীর ইসলামদের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। অতিথিদের ইনিংসের ৭২ রানই আসে ফক্সক্রফটের ব্যাট থেকে। ৪২ রান এনে দেন রাইস মারিউ। নিউজিল্যান্ডের বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের হয়ে খালেদ ও তানভীর তিনটি করে উইকেট নেন। শরিফুল ও ইবাদতের শিকার দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ‘এ’ দল: ১৪৭/১০ (৩৪.৩ ওভার); ফক্সক্রফট ৭২, মারিউ ৪২, খালেদ ৩/২৭

বাংলাদেশ ‘এ’ দল: ১৪৯/৩ (২৭.২ ওভার); মাহিদুল ৪২, এনামুল ৩৮

বাংলাদেশ ‘এ’ দল ৭ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন