ফিটনেসে ফেল, তবুও খেলবেন তারা!

ফিটনেসে ফেল, তবুও খেলবেন তারা!

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির আগে ক্রিকেটাররা দিয়েছেন নিজেদের ফিটনেস টেস্ট। বলা হয়েছিল, ফিটনেস টেস্টে পাস করলেই মিলবে এনসিএলে খেলার ছাড়পত্র। কিন্তু বিসিবির সেই কঠোরতা আর থাকল কই? ফিটনেস টেস্টে পাস না করলেও অন্তত আট ক্রিকেটার আছেন এনসিএলের স্কোয়াডে। ফিটনেস টেস্টে পাস না করে সুযোগ পাওয়া বেশির ভাগ ক্রিকেটারই ১৬০০ মিটার দৌড় শেষ করেছেন সাত মিনিটের বেশি সময় নিয়ে। অথচ, কথা ছিল এই দৌড় শেষ করতে হবে ৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে।

এনসিএলের আগে ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক ছিল বেশ কয়েক বছর ধরেই। আগে বিপ কিংবা ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে নেওয়া হতো ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা। তবে এবার জাতীয় দলের ট্রেইনার ও স্ট্রেন্থেনিং কোচ নাথান কেলি নতুন ফিটনেস টেস্ট চালু করেছেন। এই পরীক্ষা অনুযায়ী ১৬০০ মিটার দৌড় শেষ করতে হবে ৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবশ্য এই দৌড় শেষ করার নিয়ম ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে। বাংলাদেশি ক্রিকেটারদের ফিটনেস ও শারীরিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এই সময় নির্ধারণ করা হয়েছে ৬ মিনিট ২০ সেকেন্ড। ঘরোয়া লিগের নিয়মিত ক্রিকেটারদের জন্য এটা করা হয়েছে ৬ মিনিট ৪০ সেকেন্ড।

বিজ্ঞাপন

এত ছাড় দেওয়ার পরও ফিটনেস টেস্টে পাস করতে পারেননি অনেক ক্রিকেটার। এর মধ্যে পুরোপুরি সুস্থ থাকার পরও ফিটনেস টেস্টে পাস করতে না পেরে এনসিএলের স্কোয়াডে জায়গা পেয়েছেন অন্তত আট ক্রিকেটার। তারা হলেন- শেখ অন্তর, মঈনুল ইসলাম, সোহাগ গাজী (বরিশাল), জিয়াউর রহমান (খুলনা), নাবিল সামাদ (সিলেট), আলাউদ্দিন বাবু, নাঈম ইসলাম, তানভীর হায়দার খান (রংপুর) ও আসাদুজ্জামান পায়েল (রাজশাহী)। ফিটনেস টেস্টে পাস না করার পরও কেন তাদের দলে রাখা হয়েছে এই ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আমার দেশকে বলেন, ‘ফিটনেস টেস্ট খেলার জন্য একমাত্র মানদণ্ড নয়। এখানে খেলোয়াড়দের খুব বেশি দৌড়াতে হয় না। হয়তো সর্বোচ্চ ৩০-৩৫ মিটার দৌড়াতে হয়। খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না।’

তিনি আরো যোগ করেন, ‘যারা ফিটনেস টেস্টে পাস করেননি, তাদের জন্য টিম ম্যানেজমেন্টের প্রতি আমাদের বার্তা থাকবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলানোর। যারা ফিটনেস টেস্ট পাস করেনি, তারা যদি পারফর্মও না করে- তাহলে আমাদের স্পষ্ট বার্তা থাকবে স্কোয়াডে না রাখার জন্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন