নিজের পছন্দের গোল বেছে নিলেন মেসি

নিজের পছন্দের গোল বেছে নিলেন মেসি

লিওনেল মেসির ক্যারিয়ারে গোলের সংখ্যা আট শতাধিক। কোন গোলটি মেসি নিজের পছন্দের তালিকায় রাখবেন সেটা বের করা তার জন্য চ্যালেঞ্জের কাজই বটে। সেই কঠিন কাজটিই করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার। বেছে নিলেন নিজের পছন্দের গোল।

পছন্দের গোল বেছে নিতে মেসি বেশ চমক দেখিয়েছেন। হেডে করা গোল থেকেই একটি বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির ক্যারিয়ারে হেডে গোল সংখ্যা মোট ২৮টি। সেখান থেকেই ২০০৯ সালে নিজের প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা গোলটি এগিয়ে রাখছেন মেসি।

বিজ্ঞাপন

ম্যাচের ৭০ মিনিটে ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গা থেকে জাভির ক্রসে মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে বল জালে জড়ান। সেই গোলে ২-০ তে এগিয়ে যায় বার্সেলোনা। সেই সঙ্গে জিতে নেয় চ্যাম্পিয়নস লিগ।

মেসি নিজের পছন্দের গোল বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমার অনেক গোল আছে যেগুলো সম্ভবত এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেক বেশি মূল্যবান। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এ হেডারটিই আমার সব সময়ের পছন্দের।’

মেসি এই গোল বেছে নিয়েছেন ইন্টার মায়ামি ফাউন্ডেশনের আয়োজিত ‘গোল ইন লাইফ’ নামের দাতব্য কাজের জন্য। এ গোলটির আদলে চিত্র আঁকবেন বিখ্যাত চিত্রশিল্পী রেফিক আনাদোল এবং তাতে থাকবে মেসির স্বাক্ষর। চিত্রটি নিলামে তুলে প্রাপ্য অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে।

এই নিলাম নিয়ে মেসি বলেছেন, ‘আমি জানি, রেফিকের কাজ কতটা বিশেষ। আমরা মায়ামিতে দেখা করছিলাম। এখন সে কীভাবে এই গোলটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে, সেটা দেখা বেশ রোমাঞ্চকর ব্যাপার হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন