লক্ষ্য ২৯৯। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। সহজ সমীকরণ। তবে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে জিততে দিলেন না দিলশান মাদুশঙ্কা। শেষ ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে লঙ্কানদের ৭ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন। তাতে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
রান তাড়ায় নেমে শূন্য রানেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন শন উইলিয়ামস ও বেন কারেন। এই দুজনে গড়েন ১১৮ রানের জুটি। উইলিয়ামস হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন ৫৭ রান করে। কারেন খেলেছেন ৯০ বলে ৭০ রানের ইনিংস।
এরপর একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলে প্রায় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সিকান্দার রাজা। তিনি ৮৭ বলে ৯২ রান করে দলকে জয়ের পথেই রাখেন। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই রাজা সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে বসেন। এরপরই খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
পরের বলে ব্র্যাড ইভান্স ফেরেন শর্ট ফাইন লেগে আশিথা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে। আর তৃতীয় বলে রিচার্ড এনগারাভা বোল্ড হলে হ্যাটট্রিক হয়ে যায় মাদুশঙ্কার। শেষ ৩ বলে ২ রান নিতে পেরেছে জিম্বাবুয়ে। মাদুশঙ্কা ৬২ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ফার্নান্দো ৩টি ও কামিন্দু মেন্ডিস নেন একটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ৯২ বলে ৭৬,জানিথ লিয়ানাগের ৪৭ বলে অপরাজিত ৭০ ও কামিন্দু মেন্ডিসের ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে বড় পুঁজি পেয়ে যায় শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন এনগারাভা। আর একটি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গুয়ান্ডু, রাজা ও উইলিয়ামস।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৯৮/৬ (নিশাঙ্কা ৭৬, লিয়ানাগে ৭০*; নাগরাভা ২/৩৪)
জিম্বাবুয়ে : ৫০ ওভারে ২৯১/৮ (রাজা ৯২, কারান ৭০; মাদুশঙ্কা ৪/৬২)
ফল : শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

