তবুও উইকেটের সমালোচনায় সালমান

তবুও উইকেটের সমালোচনায় সালমান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেও উইকেট নিয়ে সমালোচনা থামেনি। প্রথম দুই ম্যাচে ব্যাটাররা ভোগায় উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের কোচ মাইক হেসনসহ কয়েকজন ক্রিকেটার। অবশ্য শেষ টি-টোয়েন্টির চিত্র ছিল ব্যতিক্রম। এদিন সহায়তা পেয়েছেন ব্যাটাররা। এরপরও উইকেট নিয়ে সমালোচনা করতে ভুলেননি সফরকারী দলের অধিনায়ক সালমান আলী আগা।

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান। তাতেই হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অতিথিদের করা ১৭৮ রানের জবাবে ১০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আমার মনে হয় না ভবিষ্যতে অন্য কোথাও এমন কন্ডিশন পাব। অনেক জায়গাতে খেলেছি। কোথাও বাংলাদেশের মতো কন্ডিশন পায়নি। প্রস্তুতির জন্য এটা ভালো কন্ডিশন না। এটা কাজে দেবে না। তবে আমাদের সব কন্ডিশনে গিয়ে পারফর্ম করতে হবে। তবে আমাদের যতটা পারফর্ম করা উচিত ছিল এই সিরিজে সেটা পারিনি।’

পাকিস্তান অধিনায়ক আরো বলেন, ‘প্রথম দুই টি-টোয়েন্টিতে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আমার কাছে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের প্রস্তুতির কথা জানতে চাওয়া হয় তাহলে আমি বলব যে ধরনের উইকেটের দরকার ছিল সেটা পাইনি।’

সমালোচনা করলেও বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন সালমান, ‘উইকেট নিয়ে আমি কিছু বলিনি। আমি শুধু বলেছি এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা আদর্শ উইকেট নয়। উইকেট নিয়ে আমার কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক ক্রিকেটার এবং দল হিসেবে যেখানেই যাই না কেন বা যেমন উইকেটেই খেলতে হোক- সেখানেই আমাদের পারফর্ম করতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন