জয়ে ফিরল ইতালি

জয়ে ফিরল ইতালি

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি ইতালির। নিজেদের প্রথম ম্যাচে গত ৭ জুন নরওয়ের কাছে ৩-০ গোলে হেরে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই হারের জেরে প্রধান কোচ লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। যদিও ঘুরে দাঁড়ালেও বেশি সময় নিলো না জায়ান্টরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে ইতালি।

ম্যাপেই স্টেডিয়ামে ম্যাচজুড়ে মলদোভার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে শক্তির বিচারে এগিয়ে থাকা ইতালি। দুই অর্ধে একবার করে জালের দেখা পায় স্বাগতিকরা। ৪০ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে এগিয়ে যায় ইতালি। বিরতি থেকে ফেরার পাঁচ মিনিটের মাথায় স্কোরলাইন ২-০ করেন কেম্বিয়াসো। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি সবশেষ দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকা ইতালি।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের 'আই' গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। চার ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইসরাইল। তিন পয়েন্ট পাওয়া ইতালির অবস্থান টেবিলের তিনে। বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেশ ভালোভাবে টিকে আছে তাদের। এজন্য নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে দারুণ কিছু করে দেখাতে হবে সবশেষ ২০০৬ সালে বিশ্বকাপ জেতা দলটিকে। তাদের সমান তিন পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে এস্তোনিয়া। কোনো পয়েন্ট না পাওয়া মলদোভা আছে টেবিলের তলানীতে।

এছাড়া বাছাইপর্বে আরও বেশ কয়েকটি ম্যাচ মাঠে গড়িয়েছে। চেক প্রজাতন্ত্রকে ৫-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এস্তোনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে নরওয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন