বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরে উঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল আফগানিস্তান। দ্বিপাক্ষিক সিরিজে এসে সেই হারের বদলা নিতে চেয়েছিল আফগানরা। কিন্তু পারল না। উল্টো বাংলাদেশের কাছে ফের হারের স্বাদ হজম করল রশিদ খানরা। লাল-সবুজের প্রতিনিধিরা সহজ লক্ষ্য এবার টপকে গেল কঠিন করে। আফগানিস্তানকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ১০৯ রান তুলে দলের জয়ের ভিত গড়ে দেন। দুজনেই হাঁকান ফিফটি। পারভেজ ৫৪ আর তানজিদের ব্যাট থেকে আসে ৫১ রান। দুজনের ব্যাটিং দৃঢ়তায় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টোটা। বিনা উইকেটে দলীয় সংগ্রহ শতরান পেরিয়ে গেলেও বাকি ৪৪ রান তুলতেই টাইগাররা হারিয়ে ফেলেছে ৬ উইকেট।
ইনিংসের ১৫তম ওভারে এসে বাংলাদেশ শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন রশিদ খান। জাকের আলী অনিক (৬) ও শামীম হোসেন পাটোয়ারীকে (০) ফিরিয়ে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিলেন। বাংলাদেশের হাতের মুঠোয় থাকা জয় ছিনিয়ে নেওয়ার আভাস দিলেও শেষ পর্যন্ত পারেনি আফগানরা। কিন্তু শেষ দিকে নুরুল হাসান সোহান (২৩*) রিশাদ হোসনের (১৪*) ঝড়ো ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শুরু থেকেই দাপুটে বোলিং করতে থাকে বাংলাদেশ। যে কারণে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। এক পর্যায়ে ৯৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানরা। তবে বিপদ সামলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৫১ রানের লড়াকু পুঁজি গড়েছে ক্যাপ্টেন রশিদ খানের দল।
আফগানদের বিপদ কাটান রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবি। দুজনের ব্যাটিং লড়াইয়ের কারণেই পুঁজিটা বড় হয়েছে আফগানিস্তানের। গুরবাজ ৪০ রানে ফেরেন। আর নবির ব্যাট ছুঁয়ে আসে ৩৮ রান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জার্সিতে দুটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। রিশাদ ৩৩ রান খরচ করলেও তানজিদ দিয়েছেন ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৫১/৯, ২০ ওভার (গুরবাজ ৪০, নবি ৩৮, ওমরজাই ১৮, শরাফউদ্দিন ১৭*; ইব্রাহিম ১৫, সেদিকউল্লাহ ১০; তাসকিন ১/৪০, নাসুম ১/১৮, তানজিম ২/৩৩, মুস্তাফিজ ১/২৪ ও রিশাদ ২/৩৩)।
বাংলাদেশ: ১৫৩/৬, ১৮.৪ ওভার (পারভেজ ৫৪, তানজিদ ৫১, সোহান ২৩*, রিশাদ ১৪*; রশিদ ৪/১৮, নুর ১/২১ ও ফরিদ ১/২৬।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: পারভেজ হোসেন (বাংলাদেশ)।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

