ফুটবলকে বিদায় বিশ্বকাপ জয়ী জার্মান তারকার

ফুটবলকে বিদায় বিশ্বকাপ জয়ী জার্মান তারকার

জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন বেশ আগে। ক্লাবের হয়ে এতদিন খেলে গেলেও বয়সের কাছে হার মানলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা জেরোম বোয়াটেং। ক্লাব ক্যারিয়ারকেও বিদায় বলে দিয়েছেন ৩৭ বছর বয়সি এই তারকা। আর তাতেই পেশাদার ফুটবল ক্যারিয়ারেরও ইতি ঘটেছে সাবেক বায়ার্ন ডিফেন্ডারের। বোয়াটেংকে জার্মানির জার্সিতে সবশেষ দেখা গেছে ২০১৮ সালে। ক্লাব ক্যারিয়ারে সবশেষ খেলছেন অস্ট্রিয়ান ক্লাব লাস্ক লিন্সে। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল তার। তবে সেটা পূর্ণ করার আগেই পারস্পরিক সমঝোতায় আগস্টেই সেই চুক্তি শেষ করেন বোয়াটেং।

বিজ্ঞাপন

পেশাদার ফুটবলে ১৮ বছরের ক্যারিয়ারে সাতটি ক্লাবে খেলেছেন বোয়াটেং। সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে জার্মানির সবচেয়ে বড় ক্লাবে যোগ দেন তিনি। এই ক্লাবের হয়ে বোয়াটেংয়ের ক্যারিয়ারে অর্জন যোগ হয়েছে ঢের। বায়ার্নের হয়ে ১০ বছরে জিতেছেন ৯টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি ক্লাব বিশ্বকাপসহ ২২টি শিরোপা।

জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৬টি ম্যাচ। জার্মানির হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপের শিরোপা। ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়া জার্মানি দলেও ছিলেন তিনি। ২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর দুই মৌসুম ছিলেন অলিম্পিক লিওঁতে। পরে ইতালির ক্লাব সালেরনিতানা হয়ে গত বছর যোগ দেন লাস্কে।

মনের ডাকে সাড়া দিয়ে অবসর নিয়েছেন জানিয়ে বোয়াটেং বলেন, ‘দীর্ঘদিন খেলেছি আমি বড় বড় ক্লাবের হয়ে খেলেছি, দেশের হয়ে খেলেছি। পথচলায় শিখেছি, জিতেছি, হেরেছি, সব মিলিয়ে সমৃদ্ধ হয়েছি। ফুটবল আমাকে অনেক কিছুই দিয়েছে, তবে এখন সময় সামনে তাকানোর। আমি বাধ্য হয়ে অবসর নিয়েছি এমন নয়। যে দল ও সমর্থকরা আমাকে এগিয়ে নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা। সবকিছুর ওপরে আমার পরিবার, সন্তানরা, সবার প্রতি কৃতজ্ঞ আমি। তাদের সব সময় পাশে পেয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...