এশিয়ার মহাদ্বৈরথে নামছে ভারত-পাকিস্তান

এশিয়ার মহাদ্বৈরথে নামছে ভারত-পাকিস্তান

দুই দেশের তারকা-মহাতারকারা শুরু করে দেন কথার যুদ্ধ। সীমান্তের এপ্রান্ত থেকে ইট উড়ে গেলে ওপ্রান্ত থেকে ধেয়ে আসে পাটকেল। অতীতের ইতিহাস টেনে চলতে থাকে বাগযুদ্ধ। গরম হয়ে ওঠে টকশোর মঞ্চ। এসব দেখে আর কারো বুঝতে দেরি থাকে না যে, ভারত-পাকিস্তান মহারণের ঢেউ আছড়ে পড়ছে ক্রিকেট আঙিনায়। এশিয়া কাপেও এসবের ব্যতিক্রম হলো না। দুই দেশের বাকযুদ্ধের মাঝেই ঘণ্টা বেজে উঠল মাঠের লড়াইয়ের। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে সালমান আলী আগা ও সূর্যকুমার যাদবের দল।

ভারত-পাকিস্তান দ্বৈরথ ক্রিকেটে নতুন নয়। শুধু ক্রিকেট নয়, দুই দেশের ভৌগোলিক অবস্থান ও অতীত ইতিহাসের কারণে রাজনৈতিক দ্বন্দ্বও প্রকট। এসব ছড়িয়ে গেছে বাইশ গজের লড়াইয়েও। শেবাগ-শোয়েব, হরভজন-কামরানদের সেই ধারা হাল আমলের হার্দিক-রউফরাও জারি রেখেছেন। এশিয়া কাপ আসার আগে ভারতের সীমান্ত সংলগ্ন কাশ্মীরের পেহেলগামের হামলা দুই দেশের লড়াইকে উসকে দিয়েছে কয়েকগুণ। যার ফলে এশিয়া কাপেও দেখা হতো দুই দেশের। শেষমেশ ভারত সরকারের হস্তক্ষেপে মাঠের লড়াইয়ে দেখা হচ্ছে দুই চিরশত্রু দেশের।

বিজ্ঞাপন

লড়াইয়ে দুদলই নিজেদের দিকে থেকে চাঙা হয়েই নামছে। দুদলই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শুরু করেছে এশিয়া কাপ অভিযান। ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে, পাকিস্তানের বোলিং ঝড়ে ৯৩ রানের বড় ব্যবধানে হেরেছে ওমান। অপেক্ষা এবার মহারণের। সেই লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। এক বছর তিন মাস পর আবার মুখোমুখি দুই দল। এই সময়ের মধ্যে দুদলে অনেক বদল এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেমন ভারতের হয়ে এই ফরম্যাটে খেলছেন না, পাকিস্তান দল থেকেও বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা। এবারের লড়াইয়ে সিকিভাগ নতুন মুখ। লড়াইটা হবে অভিষেক শর্মা-শাহিন আফ্রিদি, সূর্যকুমার যাদব-সুফিয়ান মুকিম, জাসপ্রিত বুমরাহ-সাইম আইয়ুব, বরুণ চক্রবর্তী-ফখর জামান এবং মোহাম্মদ হারিস-কুলদীপ যাদবদের মধ্যে।

ভারতের হয়ে বেশ ফর্মে আছেন অভিষেক শর্মা-শুভমান গিলরা। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৭ বলে ম্যাচ শেষ করে ভারত। তাতে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক। এছাড়া সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ারা তো আছেনই। বল হাতে জাসপ্রিত বুমরাহ, কুলদীপরা আছেন ফর্মের তুঙ্গে। এই জায়গায় বোলিং আক্রমণে বেশ এগিয়ে থাকলেও ব্যাট হাতে বেশ ভুগতে হচ্ছে পাকিস্তানকে। সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফাখার জামান, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিসের মতো প্রতিভাবান ব্যাটাররা কেউই খুব ধারাবাহিক হতে পারছেন না। এই অভাব বল হাতে পুষিয়ে দিচ্ছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। এবার দেখার বিষয়, শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন করে তারা।

পরিসংখ্যানের হিসাবে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তাতে ভারতের জয় ১০টি, পাকিস্তানের তিনটি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি তিন লড়াইয়ে ভারতের জয় দুটি, পাকিস্তানের একটি। সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টিতে ভারতের তিন জয়ের বিপরীতে পাকিস্তানের জয় দুটি। সে হিসাবে টপ ফেভারিট হিসেবেই থাকছে ভারতের নাম। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় তাদের সঙ্গে বলার মতো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি পাকিস্তান। কেবল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াই হয়েছিল। সেবার পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬ রানে জয় পেয়েছিল ভারত। এবার দেখার পালা, এশিয়ার মহাদ্বৈরথে কারা এগিয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন