কানাডার হাতে বিশ্বকাপের টিকিট

কানাডার হাতে বিশ্বকাপের টিকিট

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাসকে সাত উইকেটে হারিয়ে আসন্ন কুড়ি ওভারের বিশ্বমঞ্চের টিকিট কেটেছে কানাডিয়ানরা।

ওন্টারিও’র ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ডে অনায়াসেই বাহামাসকে হারিয়েছে কানাডা। টস হেরে আগে ব্যাট করতে নেমে কলিম সানা, শিভম শর্মাদের বোলিং তোপে পড়ে মাত্র ৫৭ রানে অলআউট হয় বাহামাস। তাদের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন জাভেলে গ্যালিমোর। ১০ রান আসে জোনাথন ব্যারির ব্যাট থেকে। কলিম ও শিভমের শিকার সমান তিনটি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ৫.৩ ওভারেই জয় তুলে নেয় কানাডা। ৩৬ রানে অপরাজিত থাকেন দিলপ্রিত বাজওয়া। ১৪ রান এনে দেন হার্শ ঠাকের। কানাডার পতন হওয়া তিন উইকেটের মধ্যে দুটিই নেন কার্ভন হিন্ডস। এ নিয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচেই জয়লাভ করল কানাডা।

২০২৬ বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। দুই আয়োজকসহ মোট ১৩টি দেশ আসন্ন বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। কানাডা ছাড়া বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আঞ্চলিক বাছাইপর্বের বাধা অতিক্রম করে বাকি সাত দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন