লিওনেল মেসির ফুটবল যাত্রা শুরু হয় আর্জেন্টিনার রোজারিও শহরের নিওয়েল'স ওল্ড বয়েজ ক্লাব থেকে। এই ক্লাবের ঘরের মাঠেই এবার বিশ্বসেরা মেসির নামে নামকরণ করা হয়েছে নতুন একটি স্ট্যান্ডের। মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামকরণ করেছে আর্জেন্টাইন মহাতারকার নামে।
মেসির ৩৮তম জন্মদিনে তাকে এই সম্মাননা দিয়েছে ক্লাবটি। মেসি মঙ্গলবার (২৪ জুন) ৩৮ বছর পূর্ণ করেন। আর সেদিনই তার সম্মানে স্ট্যান্ডের নামকরণ করা হয়। এর ফলে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বাড়িয়ে ৫০ হাজার করা হবে।
ক্লাবটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছে, 'কোলোসো (মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের আগের নাম) আজ নতুন একটি পাতা যোগ করেছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দুই নাম প্রথমবারের মতো একই ছাদের নিচে; আমাদের।'
নিওয়েল'সে মেসি যোগ দেন ৬ বছর বয়সে। ৭ বছর ক্লাবটিতে খেলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর ১৩ বছর বয়সে পাড়ি জমান বার্সেলোনায়।
মেসির পাশাপাশি আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামেও এই স্টেডিয়ামে একটি স্ট্যান্ড আছে। নিওয়েল’সের হয়ে ১৯৯৩-৯৪ মৌসুমে খেলেছিলেন এই কিংবদন্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

