রামোসের গোলে পয়েন্ট হারাল ইন্টার

রামোসের গোলে পয়েন্ট হারাল ইন্টার

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে করুণ পরাজয় বরণ করে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সেই হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি সিরি-এ'র দলটি। ক্লাব বিশ্বকাপের ম্যাচে তাদেরকে রুখে দিয়েছে মেক্সিকোর ক্লাব মন্তেরেই। পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্রয়ে এক পয়েন্ট পেয়েছে ইন্টার।

বিজ্ঞাপন

ম্যাচে অবশ্য এগিয়ে ছিল ইন্টারই। ৬২ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেছিল তারা। দলটি গোলে শট নেয় ১৫টি। কিন্তু আক্রমণে গিয়ে বারবার খেই হারিয়েছে। মন্তেরেই ১১ বার শট নিয়ে স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে। সেটিই তাদেরকে এনে দেয় একটি পয়েন্ট।

ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় মন্তেরেই। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন রামোস। এরপর ৪২তম মিনিটে ইন্টারকে সমতায় ফেরান তাদের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। ৭৮তম মিনিটে বক্সের ভেতর ফাঁকায় বল পেলেও উড়িয়ে মেরে জয়ের সুযোগ হারান তিনি।

এই ম্যাচ দিয়ে দুই দলই নতুন কোচের অধীনে যাত্রা শুরু করেছে। সিমোনে ইনজাগির বিদায়ের পর ইন্টারের দায়িত্ব নিয়েছেন ক্রিস্টিয়ান কিভু। মন্তেরেই ক্লাবের দায়িত্ব নিয়েছেন ডমিনিক তোরেন্ত ফন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন