অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৩ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজে সমতা ফেরাতে চাইলে ম্যানচেস্টারে অনুষ্ঠিতব্য চতুর্থ ম্যাচে জিততেই হবে সফরকারীদের। তার আগে চোটের কবলে পড়েছে ভারত।
ইনজুরির কারণে সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন না নিতিশ কুমার রেড্ডি। অন্যদিকে ম্যানচেস্টার টেস্ট থেকে ছিটকে গেছেন আর্শদীপ সিং। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।
হাঁটুর চোটে পড়েছেন রেড্ডি। আপাতত তাকে ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে নেবে বিসিসিআই। এরপর সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘নিতিশ দেশে ফিরে যাবে। তার দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।’ নিতিশ ছিটকে যাওয়ায় দলে ডাকা হয়েছে অনভিষিক্ত অলরাউন্ডার অংশুল কাম্বোজকে।
ইংল্যান্ড সিরিজে এখনো মাঠে নামেননি আর্শদীপ। নেট বোলিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পান এই বাঁহাতি পেসার। তাকে পর্যবেক্ষণে রেখেছেন বিসিসিআইয়ের মেডিকেল টিম।
চতুর্থ টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক এবং উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জোরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কাম্বোজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

