১৪ বলের ফিফটিতে নিজের রেকর্ড ভেঙে ম্যাকগার্কের নতুন কীর্তি

১৪ বলের ফিফটিতে নিজের রেকর্ড ভেঙে ম্যাকগার্কের নতুন কীর্তি

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ বলে অর্ধশতক তুলে নিয়ে অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ওপেনার। নিজের গড়া আগের রেকর্ডই এবার ভেঙেছেন তিনি।

বিজ্ঞাপন

অ্যাডিলেডের ক্যারেন রলটন ওভালে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ম্যাকগার্ক। মাত্র ১৪ বলে ফিফটি করার পর ৪৯ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন ম্যাকগার্ক। এবার নিজের আগের রেকর্ডের চেয়ে চার বল কম খেলেই নতুন কীর্তি গড়লেন তিনি।

বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’ ম্যাচে দ্রুততম ফিফটির তালিকায় এখন যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন ম্যাকগার্ক। তাঁর চেয়ে কম বলে অর্ধশতক করার কীর্তি আছে ভারতের বৈভব সূর্যবংশীর। গত জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছিলেন এই ভারতীয় ব্যাটার।

ম্যাকগার্কের রেকর্ড গড়ার গল্প অবশ্য এখানেই শেষ নয়। ২০২৩ সালের অক্টোবরে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্বরেকর্ড। সেদিন ৩৮ বলে ১২৫ রান করেছিলেন এই বিধ্বংসী ব্যাটার।

কুইন্সল্যান্ডের বিপক্ষেও নিজের সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি করেছিলেন ম্যাকগার্ক। ফিফটির পরের আট বলেই চারটি চার ও একটি ছক্কা মেরে ২২ বলে পৌঁছে যান ৭৫ রানে। তবে কুইন্সল্যান্ডের লেগস্পিনার মিচেল সুইপসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে থেমে যায় সেই দৌড়। নবম ওভারে ম্যাকগার্ককে পাঁচ বল করে মাত্র এক রান দেন তিনি।

পরে কিছুটা সতর্ক হয়ে খেললেও বড় ইনিংস গড়তে সমস্যা হয়নি ম্যাকগার্কের। ১৪তম ওভারে পরপর দুটি ছক্কা মেরে নব্বইয়ের ঘরে পৌঁছে যান তিনি। এরপর সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত হেইডেন কেরের বলে এলবিডব্লিউ হয়ে ১২২ রানে থামে তাঁর ইনিংস।

ম্যাকগার্কের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন নাথান ম্যাকসুইনিও। দুজনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ গড়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া। জবাবে ৩৯৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে কুইন্সল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন