পোল ভল্টে যেন নিজের সঙ্গেই প্রতিযোগিতা করছেন আরমান্দ ‘মন্ডো’ ডুপ্লান্টিস। সুইডেনের আপসালায় অনুষ্ঠিত মন্ডো ক্ল্যাসিক ইনডোর মিটিংয়ে আবারও বিশ্বরেকর্ড গড়ে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছেন এই সুইডিশ তারকা। আইএফইউ অ্যারেনায় ৬.৩১ মিটার উচ্চতা অতিক্রম করে নিজেরই আগের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১৫তম বিশ্বরেকর্ড। পোল ভল্টের রেকর্ডম্যান হয়ে উঠছেন ডুপ্লান্টিস।
গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার লাফিয়ে যে রেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস, এবার সেটিকে আরো ১ সেন্টিমিটার ওপরে তুললেন। তার নামে আয়োজিত মন্ডো ক্ল্যাসিক প্রতিযোগিতায় দর্শকদের সামনে এমন কীর্তি গড়ে উচ্ছ্বাসে ভাসেন তিনি।
প্রতিযোগিতায় ডুপ্লান্টিস প্রথম চেষ্টাতেই ৫.৬৫ মিটার, ৫.৯০ মিটার এবং ৬.০৮ মিটার অতিক্রম করেন। এরপর বারটি ৬.৩১ মিটারে তোলার সিদ্ধান্ত নেন। প্রথম প্রচেষ্টায় বারটি সামান্য কেঁপে উঠলেও নিখুঁত ভঙ্গিতে সেটি পার হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বীরাও ছুটে এসে অভিনন্দন জানান।
২০২০ সালের ফেব্রুয়ারিতে পোল্যান্ডের টরুনে অনুষ্ঠিত ওরলেন কোপের্নিকাস কাপে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। এরপর ধাপে ধাপে নিজের রেকর্ডকে আরো উঁচুতে তুলেছেন তিনি। এখন পর্যন্ত মোট ১৪ সেন্টিমিটার বাড়িয়েছেন সেই উচ্চতা, প্রায় প্রতিবারই মাত্র ১ সেন্টিমিটার করে। ডুপ্লান্টিসের উত্থানের আগে পোল ভল্টের বিশ্বরেকর্ড ছিল ফ্রান্সের রেঁনে লাভিলেনির দখলে। ২০১৪ সালে ৬.১৬ মিটার লাফিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। ছয় বছর পর সেটি ভেঙে পোল ভল্টে আধিপত্য শুরু করেন ডুপ্লান্টিস।
আমেরিকায় জন্ম নেওয়া হলেও মায়ের সূত্রে সুইডেনের হয়ে খেলেন এই তারকা অ্যাথলেট। সুইডেনের মাটিতে এটি তার দ্বিতীয় বিশ্বরেকর্ড। প্রায় ৯ মাস আগে স্টকহোমে ৬.২৮ মিটার লাফিয়েও রেকর্ড গড়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ধারাবাহিকতায় রয়েছেন ডুপ্লান্টিস। এটি চলতি বছরে তার প্রথম বিশ্বরেকর্ড এবং টানা ৩৮তম প্রতিযোগিতায় জয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩০টি জয় পেয়েছেন তিনি, যার মধ্যে শেষ ৫০টিই টানা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

