রহস্যময় নো-ওয়াইড

স্পোর্টস রিপোর্টার

রহস্যময় নো-ওয়াইড

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে রহস্যময় নো বল এবং ওয়াইডের ঘটনায়।

আগে ব্যাট করে ১১১ রানে অলআউট হয় ঢাকা। জবাবে রংপুরের ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে বড় নো বল দেন হামজা। সাধারণত পেসাররা বোলিংয়ের সময় বোলিং প্রান্তের পপিং ক্রিজের বেশ বাইরে পা ফেলে নো বল দেন। সেটাও হয় সাধারণত ওভার স্টেপিংজনিত কারণে। তবে স্পিনারদের ক্ষেত্রে এমনটা হওয়ার সুযোগ একদমই শূন্যের কোটায়। সেই কাজটাই করেছেন আফগান স্পিনার আমির হামজা।

বিজ্ঞাপন

বিষয়টি বেশ বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি ফেসবুকে দেওয়া এক স্টোরিতে আমির হামজার ওই নো বলের ছবির উপর তিনটি প্রশ্নবোধক (?) চিহ্ন দিয়ে বিস্ময় প্রকাশ করেন। এমন কী সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নো বল নিয়ে হচ্ছে নানা ধরনের আলোচনা। অনেকেই তো তার নো বলের ছবি দিয়ে বলছেন ‘নিশ্চিত ফিক্সিং’।

হামজার ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই টানা তিন ওয়াইড দিয়ে বিস্ময়ের জন্ম দেন আলাউদ্দিন বাবু। রংপুরের ইনিংসের ১০ম ওভার শেষ করতে চারবার বোলিং করেন তিনি। প্রথম বলটি উইকেটের বাইরে পড়ে থার্ডম্যান দিয়ে বাইরে চলে যায়। বল এতোটাই বাইরে ছিল যে ঢাকার উইকেটরক্ষক লিটন দাসের জন্য বল তালুবন্দি করার কোনো উপায়ই ছিল না। তখনই সিলেটের গ্যালারি থেকে ‘দুয়োধ্বনি’ শুনতে হয় তাকে। পরের দুইবারও ওয়াইড বল করেন বাবু। এবারও অফসাইডের বেশ বাইরে দিয়ে ওয়াইড দেন এই ডানহাতি পেসার। টানা তিন ওয়াইড দেওয়া আলাউদ্দিন বাবু ওভার শেষ করেন ৯ বলে। অথচ, টানা তিন ওয়াইডের আগে সাইফ হাসানকে আউট করে ওভারটা দারুণভাবে শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...