আগামী ৯ অক্টোবর হংকংয়ে বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে জন্য খেলোয়াড় ছাড়ছে না মোহামেডান ক্লাব। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা যে প্রাথমিক দল ঘোষণা করেছেন, সেখানে মোহামেডানের ছয় ফুটবলার আছেন। সর্বশেষ ডাক পাওয়া তরুণ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ছাড়াও দলে আছেন গোলরক্ষক সুজন হোসেন, ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, শাকিল আহাদ তপু, রহমত মিয়া ও সুমন রেজা।
দেশের স্বার্থে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পের জন্য খেলোয়াড় চেয়ে গত শনিবার ক্লাবগুলোকে চিঠি দিয়েছে বাফুফে। কিন্তু আগে-ভাগে খেলোয়াড় ছাড়ছে নারাজ মোহামেডান। ক্লাবটির ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব আমার দেশকে বলেন, ‘আমাদের কোচের চাওয়া অনুযায়ী কয়েকটা দিন দল একসঙ্গে অনুশীলন করবে। তাদের ফিটনেস নিয়ে আমরা সতর্ক। তাই আমরা খেলোয়াড় এখনই ছাড়তে পারছি না। আমরা ফিফা নিয়ম অনুযায়ীই খেলোয়াড় ছাড়ব। হয়তো ৪ কিংবা ৫ তারিখে (অক্টোবর) খেলোয়াড় ছাড়তে পারি।’
গত আগস্টে ফিফা উইন্ডোতে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়দের বাফুফের চাহিদা অনুযায়ী সময়মতো ছাড়েনি বসুন্ধরা কিংস। ফিফা নিয়ম অনুযায়ী জাতীয় দলের জন্য ৭২ ঘণ্টা আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। দলের প্রশিক্ষণ ও ফুটবলারের ইনজুরির ঝুঁকি থাকার কারণে আগে-ভাগে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়েনি কিংস। এবার কিংসের দেখানো পথে হাঁটছে মোহামেডানও।
নকীব জানান, ‘কে কী করল, অতীতে কী হয়েছেÑসেটি বড় কথা নয়। আমরা ফিফা নিয়ম অনুযায়ীই খেলোয়াড় ছাড়ব। দেশের স্বার্থ যেমন রয়েছে, আমাদের ক্লাবের স্বার্থও তো দেখতে হচ্ছে।’ প্রাথমিক দলে ডাক পাওয়া ২০ ফুটবলার গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ক্যাম্পে পরে যোগ দেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

