আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

শেষটা রাঙিয়ে বাংলাদেশের সাতে সাত

স্পোর্টস ডেস্ক

শেষটা রাঙিয়ে বাংলাদেশের সাতে সাত

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের মেয়েদের জন্য ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার। জয় দিয়েই শেষটা রাঙাল নিগার সুলতানা জ্যোতির দল। নেপালের আপার মুলপানিতে হওয়া ম্যাচটিতে ডাচদের সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে ছয় উইকেটে ১০২। জবাবে নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে ২০ বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জ্যোতি ৫০ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়ায় নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফেরেন ছয় রানের মধ্যে। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন জ্যোতি নিগার। সুপ্তা ২৮ বলে ১৩ রানে ফেরেন। এরপর জ্যোতির সঙ্গে জুটি বাঁধেন আসরজুড়ে ফর্মে থাকা সোবহানা মোস্তারি। এই জুটিতে ৩৭ বলে যোগ হয় ৫৭ রান। তাতেই নিশ্চিত হয় জয়। জ্যোতি এই ফরম্যাটে দশম ফিফটি করে সাত চারে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। মোস্তারি মাঠ ছাড়েন ২৩ বলে ৩৩ রান করে। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়।

বিজ্ঞাপন

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। নাহিদা-রাবেয়া-মারুফাদের তোপে দিশাহারা হয়ে যায় তারা। নেদারল্যান্ডসকে শুরুর বিপর্যয় থেকে উদ্ধার করে রবিন রাইকে ও সানিয়া খুরানার ষষ্ঠ উইকেট জুটি। এই জুটিতে আসে ৭৮ রান। রাইকি ৩৯ রানে আউট হন। খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে। নাহিদা চার ওভারে এক মেডেনসহ ১০ রানে নেন তিন উইকেট।

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সাত ম্যাচ খেলে সাতটিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে পাঁচটিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস নারী দল : ২০ ওভারে ১০২/৬ (খুরানা ৪৩*, রাইকি ৩৯ নাহিদা ৩/১০, মারুফা ১/১৪)।

বাংলাদেশ নারী দল : ১৬.৪ ওভারে ১০৫/৩ (নিগার ৫০*, মোস্তারি ৩৩* সেইগার্স ১/৯)।

ফল : বাংলাদেশ নারী ক্রিকেট দল সাত উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : নাহিদা আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...