শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। প্রথম একদিনের ম্যাচে লঙ্কানদের কাছে ৯৮ রানের বিশাল ব্যবধানে হেরে গেল আজিজুল হামিক তামিমের দল।
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ৩৩.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯০ রানে বাংলাদেশের ইনিংসে অর্ধেক সাজঘরে ফিরে যায়। এরপর ৫৩ রান যোগ হতেই বাকি ৫ উইকেট হারায় সফরকারী দল। বাজে ব্যাটিং প্রদর্শনীর দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন কালাম সিদ্দিকি। ভিগেস্মরণ আকাশের শিকার হওয়ার আগে ৬৫ বলে পাঁচটি বাউন্ডারি মারেন এই ওপেনার। ২৪ রান এনে দেন অধিনায়ক তামিম। ১৭ রান করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ১৪ রান আসে জাওয়াদ আবরারের ব্যাট থেকে। বল হাতে আলো ছড়ান আকাশ। বাংলাদেশকে গুটিয়ে দিতে ৫ উইকেট নেন তিনি। এছাড়া বিদানাপাথিরানা ও মাথুলান দুটি করে উইকেট নেন।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন চামিকা হেনাতিগালা। কাভিজা গামাগের অবদান ৬০ রান। সেনুজা করেন ৫০ রান। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ও রিজান হোসেন দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল: ২৪১/৬ (৫০ ওভার); চামিকা হেনাতিগালা ৭৮, কাভিজা গামাগে ৬০, সেনুজা ৫০; রিজান ২/২৯
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ১৪৩/১০ (৩৩.৩ ওভার); কালাম ৪৬, তামিম ২৪; আকাশ ৫/৩৫
ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল ৯৮ রানে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

